রাস্তা পরিষ্কার করতে ১০ দিনের সময়সীমা
কারওয়ান বাজার থেকে সব ধরনের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মার্কেটগুলো পরিদর্শন করার সময় মেয়র এই সময়সীমা বেঁধে দেন।
কারওয়ান বাজার স্থানান্তরের বিষয়ে মেয়র আনিসুল হক গতকাল বাজার কমিটির নেতা, স্থানীয় কাউন্সিলর ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। কারওয়ান বাজার মার্কেট সমিতির নেতারা এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান আগামী সাত দিনের মধ্যে কারওয়ান বাজারের ফুটপাত ও মার্কেটের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সড়ক যানচলাচল উপযোগী করার প্রতিশ্রুতি দেন। আগামী ১০ দিনের মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে বলে মেয়র জানান।
এ সময় ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মমতাজ উদ্দিন, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম ও কারওয়ান বাজারের বিভিন্ন মার্কেটের নেতারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি