রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বিলকিস (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

বনানী থানার উপপরিদর্শক নেসার উদ্দিন জানান, একটি স্টাফ বাসের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত সোয়া আটটায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেসার উদ্দিন জানান, বাসের চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাসটি কোন কোম্পানির, সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহত নারীর কাছ থেকে পাওয়া মুঠোফোনের সূত্র ধরে তাঁর নাম–পরিচয় জানা গেছে। তাঁর গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকার বর্তা এলাকায়। তাঁর দুই সন্তান রয়েছে।

নিহত বিলকিসের আত্মীয় নজরুল ইসলাম বলেন, বিলকিস ঢাকার গোপীবাগে একটি বাসায় একসময় কাজ করতেন। গ্রাম থেকে ঈদ উপলক্ষে ওই বাসায় দেখা করতে এসেছিলেন।