রাজধানীর আজিমপুর পুরোনো কবরস্থানের পশ্চিমাংশের সীমানা বরাবর ৮ ফুট রাস্তা সম্প্রসারণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে গত সোমবার এ আদেশ দেন।কবরস্থানের ওপর দিয়ে রাস্তা নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে এ কে এম কাজী জাকির হোসেনসহ দুজন ১০ নভেম্বর রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলও জারি করেন।আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রেজিনা মাহমুদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক।রেজিনা মাহমুদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, এক হাজার কবরের ওপর দিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, প্রধান প্রকৌশলীসহ আট বিবাদীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। তিন মাসের জন্য রাস্তা সম্প্রসারণের কাজের ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন।আবেদনকারী জাকির হোসেন বলেন, ‘দুই সপ্তাহ আগে পুরোনো কবরস্থানের পশ্চিম সীমানাপ্রাচীরের ৮ ফুট ভেতরে একটি সমান্তরাল প্রাচীর নির্মাণ শুরু হয়েছে। ওখানে আমার মা-বাবা এবং আত্মীয়স্বজনের সংরক্ষিত কবর রয়েছে। ওখানে সব মিলিয়ে প্রায় এক হাজার কবর রয়েছে। রাস্তা সম্প্রসারণ করা হলে এগুলো ভাঙা পড়বে। তাই রিটটি করা হয়।’