সারা দেশের বেহাল রাস্তাঘাট সংস্কার করা না হলে দেশে মিসর, তিউনিসিয়ার মতো গণবিস্ফোরণ ঘটতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন একটি গোলটেবিল আলোচনার বক্তারা।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সিটিজেন রাইটস মুভমেন্টস ‘ঈদ উপলক্ষে বাস ও লঞ্চভাড়া বৃদ্ধি প্রতিরোধ ও যোগাযোগ সমস্যা নিরসনে ঘরমুখো মানুষের প্রত্যাশা’ শীর্ষক ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে। গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, তারেক মাসুদ, মিশুক মুনীরের মৃত্যুর পর অনেক আলোচনা হচ্ছে। সরকারও নানা কথা বলছে। এর আগেও এ রকম হয়েছে। সান্ত্বনা দেওয়ার জন্য দু-চার দিন এ রকম কথাবার্তা বলা হবে। কিন্তু কাজের কাজ কিছুই হবে না। যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রী মন্ত্রিত্ব থেকে বাদ পড়লে তিনি অত্যন্ত খুশি হবেন।সাবেক সচিব মহিউদ্দিন আহমেদ ঈদের আগে ভাড়া বাড়ানোর প্রসঙ্গ টেনে বলেন, যাত্রীদের ওপর অত্যাচার করার সময় আওয়ামী লীগ ও বিএনপি এক হয়ে যায়। নাজুক যোগাযোগব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, যোগাযোগমন্ত্রীর অধীনে তিনটি বিভাগ। এর সব কটিই দিন দিন ভেঙে পড়ছে।