রাজধানীসহ সারা দেশের রাস্তাঘাটের বেহাল অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। মন্ত্রীর কাছে কমিটির সদস্যরা জানতে চেয়েছেন, কবে রাস্তাঘাট ঠিক হবে।জবাবে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় অর্থ না পাওয়ায় এ অবস্থা হয়েছে। এ বছরের বাজেটের অর্থ আসার পর দ্রুততম সময়ের মধ্যে রাস্তাঘাট মেরামত করা হবে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাস্তাঘাটের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে একটি সংসদীয় উপকমিটি গঠন করা হয়। সভায় কমিটির সভাপতি নিজেই রাস্তাঘাটের বেহালদশার কথা উল্লেখ করে এ ব্যাপারে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। কমিটির সদস্যরা সবাই রাস্তাঘাটের দুর্দশার কথা উল্লেখ করে বলেন, এ কারণে সরকারের জনপ্রিয়তা কমছে।একজন সাংসদ বলেন, ঢাকা শহরের চারদিকের রাস্তাঘাট ভাঙা। ঢাকার বাইরে কোথাও যাওয়ার উপায় নেই। অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানী। এর দায় অবশ্যই মন্ত্রণালয়কে নিতে হবে।সভায় আত্মস্বীকৃত দুর্নীতিবাজ সব কর্মকর্তার বিরুদ্ধে মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়। মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইতিমধ্যে এ ধরনের দুজন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।বিএনপি সরকারের আমলে বাংলাদেশ রেলওয়ের পরামর্শক হিসেবে কানাডার প্রতিষ্ঠান ক্যানারেলের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগের অধিকতর তদন্তের জন্য অপর একটি কমিটি গঠন করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সংবাদ ব্রিফিংয়ে বলেন, রাস্তাঘাটের অবস্থা খারাপ, এ কথা সাংসদেরা মন্ত্রীকে জানিয়ে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি বলেন, বিআরটিএ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সরকার দুর্নীতিবাজদের অনেককে চিহ্নিত করে তাদের কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সংসদীয় কমিটি এ বিষয়ে আরও তদন্ত করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। এ জন্য অপু উকিলকে আহ্বায়ক এবং আবু জাহির ও গোলাম মাওলা রনিকে সদস্য করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, আবু জাহির, গোলাম মাওলা ও অপু উকিল অংশ নেন।