রাস্তাতেই মোটরবাইক রেজিস্ট্রেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিআরটিএতে নয়, মোটরবাইক রেজিস্ট্রেশন করা যাবে রাস্তাতেই। মোটরবাইকের মালিকদের জন্য আগামী ২৩ জুন (বৃহস্পতিবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই ব্যবস্থা করেছে বিআরটিএ।
‘আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস’ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকার মোটরসাইকেল রেজিস্ট্রেশনের এই সুযোগ দেবে বিআরটিএ। এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটের পাশাপাশি বিআরটিএ কার্যালয়েও প্রদর্শিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে আগামী ২৩ জুন দাপ্তরিক সুবিধা মানুষের জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে মোটরবাইক রেজিস্ট্রেশন করা হবে। সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। আগ্রহী সেবাগ্রহণকারী ব্যক্তিদের রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কাগজপত্র, মোটরসাইকেলসহ নির্ধারিত সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
তবে মোটরবাইক রেজিস্ট্রেশন করতে চাইলে প্রয়োজনীয় কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে। যেসব কাগজপত্র আনতে হবে সেগুলো হলো মালিক ও আমদানিকারকের পূরণ ও স্বাক্ষর করা নির্ধারিত আবেদনপত্র, মালিকের তিন কপি সদ্য তোলা স্ট্যাম্প সাইজের রঙিন ছবি, বিল অব এন্ট্রি, ইনভয়েস, বিল অব লেডিং ও এলসিএ কপি (ফটোকপি আমদানিকারক অথবা শো-রুম মালিক কর্তৃক সত্যায়িত), বিক্রয়ের প্রমাণপত্র, প্যাকিং লিস্ট, ডেলিভারি চালান ও গেট পাস, (ক) মূসক-১, (খ) মূসক-১১ (ক) এবং (গ) ভ্যাট পরিশোধের চালান, আংশিক তৈরি অবস্থান আমদানি করা (সিকেডি) মোটরযানের ক্ষেত্রে বিআরটিএর টাইপ অনুমোদন ও অনুমোদিত সংযোজনী তালিকা, রেজিস্ট্রেশন ফি জমাদানের রসিদ, ব্যক্তিমালিকানাধীন আবেদনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা টেলিফোন বিল বা বিদ্যুৎ বিল ইত্যাদির যেকোনো একটির সত্যায়িত ফটোকপি এবং মালিক প্রতিষ্ঠান হলে প্রতিষ্ঠানের প্যাডে চিঠি, ১২৫ ও তদূর্ধ্ব সিসি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ৫০ (পঞ্চাশ) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা (অঙ্গীকারনামার নমুনা ওয়েবসাইটে ও স্পটে পাওয়া যাবে।)