রাস্তায় কম যানবাহন, ছিল কিছু দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গতকাল রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণ করার কারণে বেশির ভাগ সড়কই ছিল ফাঁকা। ছবি: প্রথম আলো
আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গতকাল রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণ করার কারণে বেশির ভাগ সড়কই ছিল ফাঁকা। ছবি: প্রথম আলো

ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে প্রায় সারা দিন নগরজুড়ে যানবাহন ছিল কম। এতে পথে পথে কিছুটা দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। গাড়ি না পেয়ে অনেকে হেঁটেই গেছেন গন্তব্যের দিকে।

 সকাল থেকে শাহবাগ, কারওয়ান বাজার, মিরপুর, আগারগাঁওসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কয়েকটি সড়কে বাস চলতে দেওয়া হচ্ছে না। রাজধানীর মূল রাস্তা বিজয় সরণি থেকে ফার্মগেট ও শাহবাগ হয়ে মৎস্য ভবন পর্যন্ত সড়কে বাস ও রিকশা চলাচল বন্ধ ছিল। তবে এই সড়কে সিএনজিচালিত কিছু অটোরিকশা বা ব্যক্তিগত গাড়ি চলতে দেখা গেছে। কিছু কিছু বাস কারওয়ান বাজার মোড় (সোনারগাঁও হোটেল মোড়) পর্যন্ত এলেও সেখান থেকেই ঘুরিয়ে দেওয়া হয়।

বাংলামোটর থেকে দুপুরে তোলা। বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের সকালে একটু আগেভাগেই পরীক্ষাকেন্দ্রে আসতে দেখা যায়।  ছবি: প্রথম আলো
বাংলামোটর থেকে দুপুরে তোলা। বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের সকালে একটু আগেভাগেই পরীক্ষাকেন্দ্রে আসতে দেখা যায়। ছবি: প্রথম আলো

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্যান্য দিনের তুলনায় সাধারণ মানুষ ঘর থেকে কম বের হয়েছেন। অনেকে দুর্ভোগের আশঙ্কায় বেরও হননি। তাই রাস্তায় চাপ ছিল না। যাঁরা কাজের তাগিদে নিরুপায় হয়ে বের হয়েছেন, তাঁদের বেশির ভাগকেই অনেক পথ হেঁটে গন্তব্যে যেতে হয়েছে।

 সোনারগাঁও হোটেলের কাছে একটি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন সোহেল পারভেজ নামের এক যুবক। তিনি জাহাজে চাকরি করেন। বাসা ফার্মগেট। যাচ্ছেন কাঁচপুরে। বললেন, বাস পাননি। সিএনজিচালিত অটোরিকশা অনেক টাকা চায়। এ জন্য হেঁটেই রওনা দিয়েছেন। এ সময় তাঁর পাশ দিয়ে আরও অনেক মানুষকে ফুটপাত ধরে হেঁটে যেতে দেখা যায়।

বাংলামোটর এলাকায় দেখা গেল, এক নারী দ্রুত হেঁটে চলছেন। জানতে চাইলে বললেন, তিনি শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন। বাসা বিশ্ববিদ্যালয় এলাকাতেই। তবে গ্রামের বাড়ি টাঙ্গাইল থেকে আসছেন। এখন আসাদগেট থেকে হেঁটে আসছেন।

যানবাহন না পেয়ে মাদারীপুরের শিবচরের আবদুল ওয়াহাবকে ভাঙা পা নিয়ে ভ্যানে উঠতে হয় l ছবি: প্রথম আলো
যানবাহন না পেয়ে মাদারীপুরের শিবচরের আবদুল ওয়াহাবকে ভাঙা পা নিয়ে ভ্যানে উঠতে হয় l ছবি: প্রথম আলো

খোঁজ নিয়ে জানা গেল, ঢাকার বিভিন্ন সড়কেই কম-বেশি চিত্রটা এমনই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের অনেককে হেঁটে পরীক্ষাকেন্দ্রে আসতে হয়েছে। সে কারণে সকাল সকাল রওনা দিতে হয়েছে তাঁদের।

সকাল সাড়ে আটটায় মিরপুর ১২ নম্বর থেকে শিকড় পরিবহনে উঠেছিলেন শরিফুল ইসলাম নামের এক যাত্রী। যাবেন গুলিস্তান। কিন্তু বাসটি আগারগাঁও পর্যন্ত আসার পর ঘুরিয়ে দেওয়া হয়। পরে সেটি মিরপুর রোড দিয়ে বকশীবাজার হয়ে গুলিস্তানে যায়।

বাস না থাকায় আবার অটোরিকশার চালকেরা বাড়তি ভাড়া আদায় করছেন। তবে অটোরিকশার চালকদের দাবি, যাত্রী কম পাচ্ছেন। শাহবাগ মোড়ে অটোরিকশার চালক আবু সাঈদ বললেন, সকাল থেকে যাত্রীও কম পাচ্ছেন।