মোহাম্মদপুর
রাস্তায় কেনে পুলিশ, লাইন ছাড়াই নেন কাউন্সিলরের লোক
বর্তমান বাজারদরের চেয়ে সাশ্রয়ী মূল্যে তেল, ডাল, চিনি ও পেঁয়াজ কেনার আশায় সপ্তাহের ছয় দিন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকছে হাজারো মানুষ। রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১৩৪টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে করে পরিবেশকদের মাধ্যমে এখন চারটি পণ্য বিক্রি করছে টিসিবি। কিন্তু ট্রাকে যত মানুষের পণ্য থাকে, লাইনে থাকে তার চেয়ে বেশি মানুষ।
টিসিবির তেজগাঁওয়ের গুদাম থেকে পণ্য নিয়ে সরাসরি মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের নির্ধারিত স্থানে চলে আসার কথা ছিল ট্রাকটির। কিন্তু পথে বিজয় সরণি মোড়ে পুলিশ ট্রাক থামিয়ে চার বোতল (আট লিটার) সয়াবিন তেল বিক্রি করতে বাধ্য করে টিসিবির পরিবেশকের কর্মীদের। এরপর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক থেকে পণ্য বিক্রি শুরুর পর এক কাউন্সিলরের কার্যালয় থেকে পরিবেশকের কাছে ফোন আসে। এর কিছুক্ষণ পর তিনজন লোক এসে লাইনে না দাঁড়িয়েই ছয় লিটার তেল কিনে নিয়ে যান।
এসব অভিযোগ সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার পরিবেশক মেসার্স লোপা ট্রেডার্সের মালিক আবু সাঈদের। গতকাল শনিবার বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘শুধু আমার ট্রাক না, বিজয় সরণি মোড় হয়ে আজকে (গতকাল) যত ডিলারের ট্রাক গেছে, সব ট্রাক থেকে তেল রেখে দিয়েছে পুলিশ।’
আবু সাঈদ বলেন, পুলিশ টাকা দিয়ে তেল কিনলেও এভাবে রাস্তায় ট্রাক থামিয়ে বিক্রি করার নিয়ম নেই। যে কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও তেল কিনতে পারে না সবাই। তিনি বলেন, কাউন্সিলরের লোক, অমুকের লোক—এ রকম পরিচয় দিলে তাদের বাধা দেওয়া যায় না, পণ্য বিক্রি করতেই হয়। অবশ্য কোন কাউন্সিলরের কার্যালয় থেকে ফোন এসেছিল, তা বলতে চাননি তিনি।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল টিসিবির ট্রাকের সামনে সাড়ে চার ঘণ্টা অপেক্ষার পরও ১৬ জন ক্রেতা সয়াবিন তেল কিনতে পারেননি। পরে তাঁরা দুই কেজি করে মসুর ডাল ও চিনি কিনেই বাসায় ফিরেছেন। আর লাইনে দাঁড়ানো আরও ৬৫ জন কোনো পণ্যই কিনতে পারেননি। তাঁদের মধ্যে নারী ৩৯ জন ও পুরুষ ২৬ জন।
শুধু আমার ট্রাক না, বিজয় সরণি মোড় হয়ে আজকে (গতকাল) যত ডিলারের ট্রাক গেছে, সব ট্রাক থেকে তেল রেখে দিয়েছে পুলিশ।আবু সাঈদ
দুপুর ১২টার দিকে টিসিবির ট্রাকের সামনে লাইনে এসে দাঁড়ান রোশনারা বেগম নামের এক নারী। চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তাঁর সামনে যখন আরও সাতজন, তখনই পণ্য বিক্রি শেষ হয়ে যায়। ট্রাক চলে যাওয়ার সময়ও পেছন পেছন দৌড়াচ্ছিলেন তিনি। ট্রাকে থাকা টিসিবির পরিবেশকের এক বিক্রয় প্রতিনিধিকে অনুরোধ করে বলছিলেন, যা আছে তাই যেন তাঁর কাছে বিক্রি করা হয়। তবে তাঁকে দেওয়ার মতো কিছু আর অবশিষ্ট ছিল না।
রোশনারা বেগম মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তাঁর দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে। ছোট মেয়েকে নিয়ে তিনি বছিলায় বস্তিঘরে থাকেন। গতকাল কিছু কিনতে না পেরে কাঁদছিলেন তিনি।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয় বেলা ১১টার দিকে। বিকেল সাড়ে চারটার দিকে ট্রাকে শুধু মসুর ডাল ও চিনি ছিল। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি করে মসুর ডাল ও চিনি, পাঁচ কেজি পেঁয়াজ ও দুই লিটারের এক বোতল সয়াবিন তেল কিনতে পারেন। বিক্রির সুবিধার্থে পরিবেশকেরা পণ্যগুলো একত্রে একটি ‘প্যাকেজ’ করে ৬১০ টাকায় বিক্রি করেন। এসব পণ্য এখন বাজার থেকে কিনলে একজন ক্রেতার খরচ হবে ১ হাজার ৪৫ টাকা। অর্থাৎ সাশ্রয় হয় ৪৩৫ টাকা।
বাজারে এখন এক কেজি পেঁয়াজের দাম ৭০ টাকা, মসুর ডালের কেজি (মোটা দানা) ১০০ টাকা, চিনির কেজি ৮০ টাকা আর এক লিটার বোতলজাত তেলের দাম ১৭০ টাকা।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় সাধারণত টিসিবির ট্রাক আসে বেলা ১১টার পর। গতকাল সকাল ১০টায় সেখানে গিয়ে দেখা যায়, ছোট ছোট দলে রাস্তায় দাঁড়িয়ে কিংবা ফুটপাতে বসে শতাধিক নারী ও পুরুষ অপেক্ষায় ছিলেন। তাঁদের মধ্যে অন্তত পাঁচজন বলেছেন, তাঁরা সকাল ৮টার দিকে এসেছেন। এত আগে আসার কারণ কী, জানতে চাইলে তাঁরা বলেন, কখনো কখনো নয়টার মধ্যে ট্রাক চলে আসে। আর আগে এলে আগে লাইনে দাঁড়ানো যায়।
বেলা ১১টার দিকে সেখানে টিসিবির ট্রাক পৌঁছানোর সঙ্গে সঙ্গে হুড়োহুড়ি শুরু হয়। লাইনে কে কার আগে দাঁড়াবেন, এ নিয়ে ধাক্বাধাক্বি শুরু হয়।
লাইনে দীর্ঘ অপেক্ষায় থেকেও যাঁরা পণ্য পাননি, তাঁদের একজন গৃহিণী মনি আক্তার। তাঁর স্বামী নওরোজ আহমেদ নিউমার্কেটের একটি দোকানের বিক্রয়কর্মীর কাজ করেন। তাঁরা থাকেন মোহাম্মদপুর টাউন হল এলাকায়। মনি আক্তার মেয়েকে স্কুল থেকে দুপুর ১২টার দিকে বাসায় রেখেই লাইনে এসে দাঁড়ান। আক্ষেপ করে তিনি বলেন, সময় গেল, পরিশ্রম হলো কিন্তু কিছু পেলাম না।