রাস্তায় থাকবে ভ্রাম্যমাণ আদালত ও র‌্যাব-পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অভিজাত এলাকা হিসেবে পরিচিত গুলশান, বনানী ও বারিধারার বাসিন্দাদের আজ সোমবার ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটার মধ্যে ঘরে ফেরার নির্দেশ দিয়েছে পুলিশ। ওই এলাকার বাসিন্দা নন—এমন ব্যক্তিদেরও সেখানে যেতে বারণ করা হয়েছে।বর্ষবরণ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ গতকাল রোববার এ নির্দেশনা জারি করেন।বর্ষবরণ নিয়ে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানাতে গতকাল মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার বলেন, বর্ষবরণে বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কূটনৈতিক এলাকা, গুরুত্বপূর্ণ এলাকার সড়ক, হোটেল-ক্লাব, বিশ্ববিদ্যালয় ও গির্জায় বাড়তি সতর্কাবস্থায় থাকবে পুলিশ। পুলিশের এ বিশেষ নিরাপত্তাব্যবস্থার কার্যক্রম আজ সন্ধ্যা সাতটা থেকে ১ জানুয়ারি ভোর পাঁচটা পর্যন্ত চলবে। থার্টিফার্স্ট নাইটে অভিজাত এলাকার হোটেলের পানশালাগুলো সন্ধ্যা ছয়টার পর বন্ধ রাখতে হবে। ওই রাতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র নিয়ে উৎসবস্থলে যেতে দেওয়া হবে না।আজ রাতে পটকা ও আতশবাজি ফোটানো, বেপরোয়া গাড়ি ও মোটরসাইকেল চালানো এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানান কমিশনার বেনজীর আহমেদ। তিনি বলেন, ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, উড়ালসড়ক বা রাস্তায় কোনো জমায়েত, সমাবেশ করা যাবে না। বর্ষবরণের রাতে একটি মোটরসাইকেলে একসঙ্গে তিনজন ওঠা এবং অহরহ অহেতুক হর্ন বাজানো যাবে না। রাজধানীর ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা তৎপর থাকবে। কেউ আইন ভাঙার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন ডিএমপি কমিশনার। বর্ষবরণের আনন্দ করতে গিয়ে যাতে অন্যের ভোগান্তি না হয়, সেদিকে লক্ষ্য রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।বেনজীর আহমেদ নগরবাসীকে নিজ নিজ বাসায় পরিবারের সঙ্গে ঘরোয়াভারে নতুন বছর উদ্যাপনের জন্য সবার প্রতি অনুরোধ করেছেন।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মুহাম্মদ আবদুল জলিল মণ্ডল, মো. আবদুল জলিল, মিলি বিশ্বাস, যুগ্ম কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, ইব্রাহিম ফাতেমী, উপকমিশনার মো. মনিরুল ইসলাম, গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রমুখ।যান চলাচল নিয়ন্ত্রণ: ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় আজ সন্ধ্যা সাতটা থেকে কাল ভোর পাঁচটা পর্যন্ত যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে পুলিশ। ওই সময়ের মধ্যে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যানবাহনে করে প্রবেশের কেবল কাকলি ক্রসিং (কামাল আতাতুর্ক অ্যাভিনিউ) ব্যবহার করা যাবে। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ফিনিক্স রোড, বনানী ১১ নম্বর রোড, চেয়ারম্যানবাড়ি, আমতলী, শুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস, বারিধারা ইউনাইটেড হাসপাতাল ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে না। তবে ওই সব ক্রসিং দিয়ে বের হওয়া যাবে। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে পুরোনো হাইকোর্ট-দোয়েল চত্বর-শহীদ মিনার, জগন্নাথ হলের দক্ষিণ গেট-পলাশী মোড় সড়কটি শুধু খোলা থাকবে। র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা: বর্ষবরণে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে রাজধানীতে দুই হাজার ও ঢাকার বাইরে তিন হাজার র‌্যাব সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বর্ষবরণ অনুষ্ঠানস্থলের ভেতরে ও বাইরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক ও আতশবাজি কেনাবেচা বন্ধ এবং নারীদের উত্ত্যক্ততা রোধে ভ্রাম্যমাণ আদালতের টহল থাকবে।