রাস্তায় কোনো নির্মাণসামগ্রী রাখলে করপোরেশনের পক্ষ থেকে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল রোববার এ আদেশ জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিলুপ্ত ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে যেসব নাগরিক সেবা দেওয়া হতো, সেগুলো এখন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেওয়া হবে এবং চলমান উন্নয়নকাজগুলো চালু থাকবে বলেও জানানো হয়েছে।বিশেষ কার্যক্রমের আওতায় বর্জ্য অপসারণ, সড়কবাতি ও মশক নিধন কার্যক্রম জোরদার করার কথা উল্লেখ করে নির্ধারিত স্থান ছাড়া ময়লা-আবর্জনা না ফেলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। ‘ওয়ান স্টপ’ সার্ভিস এবং অনলাইনে অভিযোগ দেওয়ার পদক্ষেপ নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়, আপাতত ৮১ গুলশান এভিনিউতে উত্তর সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ে স্থাপিত অভিযোগ বাক্সে অভিযোগ ও পরামর্শ দেওয়া যাবে। গত শনিবার স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খানের সঙ্গে দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে সেবা দেওয়াসহ কতিপয় সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী গতকাল উত্তর সিটি করপোরেশন বিজ্ঞপ্তি জারি করেছে। দক্ষিণ সিটি করপোরেশন গতকাল সন্ধ্যা পর্যন্ত বিজ্ঞপ্তি জারি করেনি।গত ২৯ নভেম্বর জাতীয় সংসদে বহুল আলোচিত স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন বিল, ২০১১ পাস হয়। ১ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ওই বিলে সই করার মাধ্যমে সেটি আইনে পরিণত হয়। এর মাধ্যমে দুই ভাগে বিভক্ত হয় ঐতিহ্যবাহী ঢাকা সিটি করপোরেশন। পরদিন আইনের গেজেট ছাপা হয়।