সর্বজনীন শিশু দিবস ২০ নভেম্বর। কিন্তু আগামীকাল বৃহস্পতিবার থেকে সুবিধাবঞ্চিত ও অবহেলিত পথশিশুদের জন্য আনন্দদায়ক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তারা যাবে বিভিন্ন পার্কে, আর তাদের হয়ে ফুল বিক্রি করবে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে আমেরিকান সেন্টারের পরিচালক লওরেন লাভলেস, এডকম লিমিটেডের উপপরিচালক নাজিম ফারহান চৌধুরী, জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল পথশিশুদের বিভিন্ন পার্কে বেড়াতে নিয়ে যাওয়া হবে। আর পথে পথে অবস্থান নেবেন ইংরেজি মাধ্যমের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং করপোরেট সংস্থার প্রতিনিধিরা। সাত হাজার স্বেচ্ছাসেবক ঢাকাসহ দেশের বিভিন্ন ট্রাফিক সিগন্যালে ফুল বিক্রি করে শিশু দিবস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজে অংশ নেবেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ফেনী শহরে একযোগে এ কর্মসূচি চলবে। জাগো ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক শাখা ২০০৯ সাল থেকে এ কর্মসূচির আয়োজন করছে। প্রথমবার ৫০০ স্বেচ্ছাসেবক নিয়ে কর্মসূচি শুরু হলেও এবার এ সংখ্যা সাত হাজার। স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কর্মসূচিতে সহায়তা দিচ্ছে মার্কিন দূতাবাস। ব্যতিক্রমী এ কর্মসূচি সম্পর্কে করভী রাকশান্দ বলেন, শহরের বিভিন্ন পথে ফুলসহ নানা সামগ্রী বিক্রি করে—এমন পথশিশুদের জন্য এ কর্মসূচি। তাদের শৈশবের একটি দিন ফিরিয়ে দেওয়া হবে। পথশিশুদের নিত্যদিনের কাজে যোগ দেবেন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর পথশিশুরা এ দিন বিভিন্ন পার্কে আনন্দ-উল্লাসে মেতে উঠবে। একই সঙ্গে দিবসটি সম্পর্কে সব মহলে সচেতনতা সৃষ্টি হবে। কর্মসূচির অধীনে উত্তরা, বিজয় সরণি, গুলশান, ধানমন্ডি, আসাদগেট, বেইলি রোড, শাহবাগ, বনানী, বারিধারা, পান্থপথ, আগারগাঁও, মিরপুর, তেজগাঁওসহ ঢাকার ২০টি ট্রাফিক সিগন্যালে স্বেচ্ছাসেবকেরা কাজ করবেন। ঢাকার আমেরিকান সেন্টার, এফবিসিসিআই, ট্রান্সকম লিমিটেড, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, এডকম লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, অভিনেতা ও সংগীতশিল্পীরা তাঁদের সঙ্গে থাকবেন। এ কর্মসূচি বাস্তবায়নে সহায়তা দিচ্ছে মার্কিন দূতাবাস, এয়ারটেল, পিজ্জা হাট, কেএফসি, ফারইস্ট লিমিটেড, অসটেন, ওয়ান্ডারল্যান্ড, গ্রিন ওয়ার্ল্ড, প্রেসক্রিপশন পয়েন্ট ও টিটিএল।