রাস্তায় ভিড়, ফুটপাতে চুলা ধোঁয়া-তাপে হাঁটা দায়

ফুটপাতের ওপরে চুলা জ্বলছে। তৈরি হচ্ছে কাবাব, গ্রিল, পরোটা, মাংসের চাপসহ নানা খাবার। চুলা থেকে ধোঁয়া আর আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ছে আশপাশে। কয়লা, কেরোসিন আর ইলেকট্রিক চুলার গনগনে তাপে চোখ-মুখ ঝলসে যাওয়ার উপক্রম! এর মধ্য দিয়েই নাক চেপে, মুখ ঢেকে চলাচল করছে সাধারণ পথচারী। কেউ কেউ না পেরে ফুটপাত ছেড়ে রাস্তা দিয়েই যাতায়াত করছে। ঢাকার বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়কের পশ্চিম পান্থপথ অংশের উত্তর পাশের খাবার হোটেল ও রেস্তোরাঁর সামনের ফুটপাতের দৃশ্যটি এমনই।
সড়কের উত্তর পাশে সুন্দরম প্লাজার বিপরীতে আছে হীরা রেস্তোরাঁ, স্বপ্নীল রেস্তোরাঁ, সপ্তডিঙা রেস্তোরাঁ ও অতিথি আপ্যায়ন বাংলা রেস্তোরাঁ। চারটি রেস্তোরাঁর বিভিন্ন সামগ্রীই ফুটপাতের ওপর রাখা। বেশি বিড়ম্বনা সৃষ্টি করে কাবাব আর গ্রিল তৈরির ইলেকট্রিক ও সনাতন চুলা। অনর্গল ধোঁয়া আর তাপ ছড়ায়। দিন ও রাতের বেশির ভাগ সময়ই চুলা জ্বলতে থাকে। এই রাস্তায় সব সময় যানবাহনের ভিড় লেগেই থাকে। এর মধ্যে মানুষ ফুটপাত ব্যবহার করতে পারে না। রাস্তায় হাঁটতে গেলেও গায়ে গা লেগে যায়। ধোঁয়ার মধ্য দিয়ে সব বয়সী লোকজনকেই নাক-মুখ ঢেকে পথটুকু পার হতে হয়। নিয়মিত পথচারী জিনিয়া রহমান বলেন, ‘হোটেলগুলোর সামনে দিয়ে যাওয়া যায় না। আগুনের তাপে ঝলসে যেতে হয়। তার ওপর আছে ধোঁয়া। মুখে ধোঁয়ার ঝাপটা লাগলে চোখে পানি চলে আসে। ওড়না দিয়ে মুখ ঢেকে পথটুকু পার হই।’
সড়কের দক্ষিণ পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কাছেই আছে পান্থ রেস্তোরাঁ আর টুকিটাকি রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউস। এই দুটির অবস্থাও প্রায় একই রকম। ফুটপাতেই রাখা হয়েছে কেরোসিনের চুলা। চলাচলে কষ্ট পাচ্ছে সাধারণ মানুষ। সড়কের এ পাশেই স্কয়ার হাসপাতালের বিপরীতে আছে মোটর কার সরঞ্জামের কয়েকটি দোকান। দোকানের মালামাল রাখা হয়েছে ফুটপাতের ওপর।
স্বপ্নীল রেস্তোরাঁর ব্যবস্থাপক মো. মামুন বলেন, ‘না, চুলার কারণে সমস্যা হয় না। লোকজন যায়-আসে। কেউ কিছু বলে না।’ সড়কের উত্তর পাশ ধরে আরও কিছুদূর গেলে চোখে পড়ে, পূবালী ব্যাংক লিমিটেডের কাছে বউবাজারের পর থেকে ফুটপাত দখল করে বসেছে অনেকগুলো চায়ের দোকান। রাস্তার অর্ধেক জুড়ে আছে ময়লার কনটেইনার।
স্থায়ী বাসিন্দা রহমত উল্লাহ বলেন, ‘মানুষ রাস্তার মাঝখান দিয়ে, গাড়ি-ঘোড়ার ভেতর দিয়েই চলাচল করে। মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে গাড়ি রেখে চালকেরা উধাও হয়ে যায়। কে কার কথা শোনে! “পার্কিং নিষেধ” লেখা দেখেও গাড়ি রাখে।’
সড়কের দুই ধারে পশ্চিম ও পূর্ব পান্থপথের সবগুলো দোকানই গড়ে উঠেছে ফুটপাত ঘেঁষে। সড়কটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর অঞ্চলের ১৭ নম্বর ওয়ার্ডে পড়েছে। বিষয়টি জানালে ওই প্রতিষ্ঠানের প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘রাস্তার পার্কিং সমস্যা ও শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশের। আর উচ্ছেদ অভিযান আমাদের নিয়মিত কার্যক্রম। তবে ইদানীং পুলিশ-সংকটের কারণে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানো সম্ভব হচ্ছে না। এখন আমরা মাসে এক অথবা দুবার উচ্ছেদ অভিযান চালাই। উচ্ছেদের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রণে আনা কঠিন। উচ্ছেদ করা হলেও কিছুক্ষণ পর ওরা আবার বসে পড়ে।’