রাস্তায় ময়লা-আবর্জনা, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক বছর আগেও নগরের তেজকুনী পাড়া ও নাখালপাড়ার বাসিন্দাদের ঘুম ভাঙত গুলি বা বোমার শব্দে। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। এলাকাবাসীর মতে, ‘ক্রসফায়ারে অনেক সন্ত্রাসী মরেছে। ফলে এলাকায় আগের মতো আর তাদের তাণ্ডব নেই।’ এলাকায় ইভ টিজিং বা মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনাও ঘটে না। তার পরও এলাকাবাসীর দুর্ভোগ কমেনি।এক ঘণ্টা ভারী বৃষ্টি হলেই পুরো এলাকা সয়লাব। পানিনিষ্কাশনের ব্যবস্থা অকার্যকর। সুয়ারেজ লাইন আবর্জনায় বন্ধ। পাগলারপুল নামের একটি খাল ছিল। সেখান দিয়ে পানি নেমে যেত। ইদানীং সেটিও হরিয়ে যেতে বসেছে। ঘরবাড়ির পাশাপাশি বিভিন্ন দোকান, কারখানা থাকায় এই এলাকাটি বেশ ঘিঞ্জি। বেশির ভাগ রাস্তার অবস্থা বেহাল। খোঁড়াখুঁড়ি চলছে। বসতবাড়ির চারপাশের নর্দমাগুলো আবর্জনায় ভরা। সেসব পচে উৎকট গন্ধ ছড়ায়। দূষিত করে তোলে পরিবেশ।গতকাল সোমবার প্রথম আলোকে পশ্চিম নাখালপাড়ার প্রবীণ বাসিন্দা আবুল কাশেম বলেন, ‘সিটি করপোরেশনের লোকজন একদিন ঝাড়ু দিলে এক মাস আর খবর থাকে না। ড্রেনগুলো পরিষ্কার করে না। বৃষ্টির পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই।’এলাকার ওয়ার্ড কাউন্সিলরের কাছে এ বিষয়গুলো জানিয়েছেন কি না, জানতে চাইলে সখেদে বলেন, ‘তাঁকে বলা আর খাম্বারে বলা একই কথা। না হইলে এত বছরেও সমস্যার সমাধান হবে না কেন?’তেজকুনীপাড়ায় বি কে আফতাব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানা রিসোর্স সেন্টারের গেটের বাইরেই ময়লা-আবর্জনার মস্ত এক স্তূপ। মধ্যদুপুরে সেখানে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করতে দেখা যায়। এলাকার আবর্জনা ফেলার অন্য খালি ভ্যানগুলোও এসে সেখানে জমা হচ্ছে। এলাকার রেলওয়ে কলোনির অবস্থা সবচেয়ে কাহিল। এলাকাবাসী জানালেন, নোংরা আবর্জনায় পুরো এলাকা পূতিগন্ধময় হয়ে আছে। রেলওয়ের সম্পত্তি ‘খেলাঘর’ মাঠটি এলাকায় সবচেয়ে বড় মাঠ। এলাকাবাসী অভিযোগ করেন, মাঠটি সবসময় সরকারি দলের লোকজন দখল করে রাখেন। ফলে এলাকার ছেলেপুলেরা এখানে খেলতে পারে না। মাঠটির মাঝ বরাবর একটি সাইনবোর্ড টাঙানো। তাতে লেখা ‘মাঠের উন্নয়ন কাজ চলছে, তাই খেলাধুলা সম্পূর্ণ নিষিদ্ধ।’ তবে খেলাঘর ক্লাবের সম্পাদক নজরুল ইসলাম বলেন, এ মাঠে খেলাধুলা করতে কোনো নিষেধ নেই। স্থানীয় বাসিন্দা গোলাম রসুল বললেন, ‘নতুন বিজয় সরণি তেজগাঁও লিংক রোড (ওভারপাস) এলাকার মানুষের কোনো উপকারে আসেনি। এলাকাবাসীকে ওভারপাসে উঠতে পুরো দুনিয়া ঘুরে আসতে হয়।’ এদিকে হলিক্রস কলেজের গাড়ি পার্কিং না থাকায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে পশ্চিম নাখালপাড়ার খায়ের জেনারেল স্টোরের মালিকের ছেলে রাসেল বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। পানি সমস্যাও আছে। ওয়ার্ড কাউন্সিলরের বক্তব্য: ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হাসান বলেন, এলাকায় সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাঙা ও সরু রাস্তা। রাস্তাগুলো প্রশস্ত করার জন্য এলাকাবাসীকে বহুবার ডাকলেও সাড়া পাওয়া যায়নি।’ সুপেয় পানির সমস্যা হলে অনেকেই নিজ উদ্যোগে মূল সড়ক থেকে পানির সংযোগ নেওয়ার জন্য নতুন পাইপলাইন বসাতে রাস্তা খোঁড়াখুঁড়ি করে। কিন্তু পরে আর মেরামতের কাজটি অনেকেই ঠিকমতো করেন না। ইভ টিজিং প্রসঙ্গে কাউন্সিলর বলেন, ‘আমার তো গাড়ি নাই, পুরো এলাকা হেঁটেই চলি। বিভিন্ন অলিগলিতে যাই। স্কুল-কলেজ ছুটি হলে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অন্যের মোটরসাইকেলে টহল দেই। ফলে এলাকায় কেউ ছাত্রীদের উত্ত্যক্ত করার সাহস পায় না।’