
মিরপুর ৬ নম্বর সেকশনের ডি-ব্লক মোড়। রাস্তায় ছড়ানো-ছিটানো আবর্জনা। পাশাপাশি ছয়টা ময়লার কনটেইনার। ময়লা সংগ্রহের ১০-১৫টা ভ্যান। ভ্যান থেকে কনটেইনারে ময়লা-আবর্জনা নামানো হচ্ছে। কয়েকজন ময়লার ভেতরে কগজ, প্লাস্টিক, লোহাসহ নানা রকম পুনর্ব্যবহারযোগ্য জিনিসপত্র খুঁজছেন। সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে ময়লার কনটেইনার থাকায় মূল সড়ক সংকুচিত হয়ে গেছে। ফুটপাতে বসেছে রিকশার গ্যারেজ। লোকজন হাঁটার জায়গা পাচ্ছে না।
চিত্রটি মিরপুর ৬ নম্বরে অবস্থিত গণপূর্ত (উপবিভাগ) কার্যালয়ের সামনের কাঠের কারখানার সড়কের ডি-ব্লক মোড় এলাকার। সড়কের পশ্চিম পাশ থেকে ডি-ব্লকের ৪ নম্বর সড়ক পর্যন্ত অংশে সড়কের ওপরেই রাখা হয়েছে ছয়টি ময়লা সংগ্রহের কনটেইনার। বিক্ষিপ্তভাবে আছে ময়লা সংগ্রহের ভ্যান। এ ছাড়া এই অংশের ফুটপাত ও রাস্তার কিছু অংশ নিয়ে গড়ে উঠেছে একটি অবৈধ রিকশার গ্যারেজ। চোখে পড়ে, ফুটপাত ও রাস্তার ওপরে সারিবদ্ধভাবে রাখা ৫০টির বেশি রিকশা।
রিকশার গ্যারেজের পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘গ্যারেজ প্রায় পাঁচ বছর ধরে আছে। রাস্তার এপাশে তো ময়লার ভাগাড়, তাই লোকজন, রিকশা-গাড়ি তেমন একটা চলে না। ময়লার ভাগাড় উঠে গেলে আমরাও থাকব না।’
খোঁজ নিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানায়, উল্লেখিত এলাকায় ময়লার পরিমাণ বেশি থাকায় কনটেইনারের সংখ্যা বাড়ানো হয়েছে। আশপাশে কোথাও ফাঁকা বা পর্যাপ্ত জায়গা না পাওয়ায় কনটেইনারগুলো ওখানে রাখা আছে। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে কনটেইনার স্থানান্তরের চেষ্টাও চলছে।
ঘণ্টা খানেক অবস্থান করে দেখা গেছে, মিরপুর ২ নম্বর থেকে মিরপুর ১১, সাড়ে ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যাওয়ার এই সংযোগ সড়কটি খুবই ব্যস্ত। সংকুচিত সড়কের কারণে এখানে নিয়মিতই লাগে দীর্ঘ যানজট। স্থানীয় কয়েকজন জানান, ভাগাড়ের কাছে প্রায় সন্ধ্যায়ই ছিনতাই হচ্ছে। ভাগাড় অতিক্রম করার জন্য গাড়ি বা রিকশা গতিবেগ কমালেই ওত পেতে থাকা ছিনতাইকারীরা ব্যাগ-মোবাইল ধরে টান দিচ্ছে। মাঝেমধ্যে সড়ক দুর্ঘটনাও ঘটে। পথচারী চলাচলের জায়গা নেই। অসহনীয় দুর্গন্ধ তো আছেই।
স্থানীয় বাসিন্দা মো. মোতালেব বলেন, ‘প্রায় প্রতিদিনই ছিনতাই হচ্ছে। দুর্ঘটনা ঘটছে। গন্ধে টেকা যায় না। চলাচলের জায়গা নেই। বাড়ির সামনে ময়লার ভাগাড় দেখে ভাড়াটেরা নেমে যাচ্ছে।’
স্থানীয় বাড়ির মালিকেরা অভিযোগ করেন, রাস্তায় ময়লার ভাগাড় দেখে ভাড়াটেরা বাড়িভাড়া নিচ্ছেন না। আর্থিকভাবে তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেখা গেল, সড়কটির পশ্চিমে রূপনগর আবাসিক এলাকা, পূর্ব পাশে পল্লবী ডি ব্লক। দুই এলাকার বাতাসেই মিশে আছে দুর্গন্ধ। সন্ধ্যার পর রিকশার গ্যারেজে মাদকাসক্তদের আনাগোনা বাড়ে। চলে মাদক সেবন।
স্থানীয় ভাড়াটেদের একজন মো. আসাদ বলেন, ‘নিরাপত্তার অভাব। চুরি-ছিনতাই হয়। মাদকাসক্তদের চলাফেরা বেশি। জানালা-দরজা খোলা রাখলে দুর্গন্ধে ঘরে থাকা যায় না। বাইরে কাপড় শুকাতে দিলেও আবর্জনার গন্ধ লেগে থাকে।’
এলাকাটি ডিএনসিসির ২ নম্বর অঞ্চলের মধ্যে আছে। প্রতিষ্ঠানের প্রধান বর্জ্য ব্যবস্থাপক বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘বাড়তি ময়লা সংগ্রহের জন্য বেশি কনটেইনার প্রয়োজন।
যেসব এলাকায় ময়লার পরিমাণ বেশি, সেসব এলাকায় কনটেইনারের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে ওই এলাকা থেকে কনটেইনার সরানোর চেষ্টা চলছে। আমরা পরিবেশসম্মত উপায়ে ময়লা সংগ্রহের জন্য অবকাঠামো তৈরি করছি। আশা করছি, দু-এক মাসের মধ্যে কাজ শেষ হবে।’