রাস্তায় যখন গরুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার দয়াগঞ্জ মোড় থেকে ধোলাইখালের রাস্তায় এখন গরুর হাট। ছবি: আসাদুজ্জামান
পুরান ঢাকার দয়াগঞ্জ মোড় থেকে ধোলাইখালের রাস্তায় এখন গরুর হাট। ছবি: আসাদুজ্জামান

সদরঘাটের একটি চশমার দোকানে চাকরি করেন সাঈদ হোসেন। থাকেন যাত্রাবাড়ীতে। প্রতিদিন তিনি রিকশাযোগে সদরঘাট আসেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে যথারীতি রিকশায় করে দয়াগঞ্জ মোড় হয়ে ধোলাইখালের রাস্তায় যখন ঢুকলেন, পড়লেন জটে। রিকশা আর সরে না। কিছুক্ষণ পর তিনি নেমে দেখলেন, প্রশস্ত রাস্তা যেন কেমন সরু হয়ে গেছে। রাস্তায় বাঁশ গেড়ে সেখানে গরু রাখার ব্যবস্থা করা হয়েছে। সাঈদ বললেন, ‘বাহ! রাস্তাজুড়ে গরুর হাট। ভাবতেও অবাক লাগছে।’

ধোলাইখালের মোড়ে যানজটে আটকে থাকা অবস্থায় সাঈদ যখন এসব বলছিলেন, তখন উল্টো দিকের রাস্তায় দেখা যায় পুলিশের গাড়ি। দেখা যায়, গেন্ডারিয়া থানার এসআই শাহাদাত আলম গরু ব্যবসায়ীদের উদ্দেশে বলছিলেন, রাস্তা থেকে যেন গরু সরিয়ে নেওয়া হয়। পাঁচ মিনিট ধরে তিনি একাধিক গরু ব্যবসায়ীকে শাসিয়ে যান। এই পুলিশ কর্মকর্তা চলে যাওয়ার পর রাস্তায় গরু রাখা কয়েকজন বললেন, তাঁরা এখন কোথায় যাবেন। রাস্তায় যেসব ব্যক্তি গরু বেঁধেছেন, তাঁদের বেশির ভাগ এসেছেন কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুর থেকে।

কুষ্টিয়া থেকে আটটি গরু আনা সোবহান রীতিমতো কেঁদেই দিলেন। তিনি বললেন, ‘আমরা তো গ্রামের মানুষ। ঢাকার রাস্তার কী বুঝি। আমাদের এখানে গরু রাখতে বলেছে আমরা রেখেছি। এখন পুলিশ এসে বলছে, এক ঘণ্টার মধ্যে গরু সরাতে হবে। আমরা এখন কোথায় যাব?’ সোবহান যখন এসব কথা বলছিলেন, তখন তাঁর মুখের কথা কেড়ে নেন কুষ্টিয়া থেকে আসা শফিক। দেখা গেল, তাঁর চোখগুলো লাল। শফিক বললেন, ‘২৪ ঘণ্টা ছিলাম ট্রাকে। খাওয়াদাওয়া নেই, ঘুমও নেই। রাতে গরু নিয়ে নেমেছি। এখানকার লোকজন তখন রাস্তায় গরু রাখতে বলেন। আমরাও রেখেছি। এখন পুলিশ বলছে উঠতে হবে।’

গ্রাম থেকে আসা এসব গরু বিক্রেতারা হাট পরিচালনা কমিটির লোকজনকে দুষছেন। পরে ধোলাইখাল ট্রাফিক মোড়-সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে গেন্ডারিয়া থানার এসআই শাহাদাত প্রথম আলোকে বলছিলেন, ‘রাস্তায় গরু রাখার কোনো নিয়ম নেই। অথচ রাস্তাজুড়ে বাঁশ পুঁতে সেখানে রাখা হয়েছে গরু। গরুগুলো এমনভাবে রাস্তায় রাখা হয়েছে যে বড় কোনো গাড়ি চলতে পারবে না। আমি হাট পরিচালনার সঙ্গে যুক্ত কয়েকজনকে বলে দিয়েছি, গরু যেন রাস্তা থেকে সরিয়ে নেয়।’

পুরান ঢাকার সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন ধোলাইখাল হাটের ইজারাদার হচ্ছেন মো. বাবু। হাট পরিচালনায় রয়েছেন হাজি রোমেল, আসাদুজ্জামান ও মিকো। রাস্তায় গরুর হাঁট বসানোর প্রসঙ্গে জানতে চাইলে রোমেল দাবি করেন, এখন তিনি আর হাট পরিচালনার সঙ্গে যুক্ত নেই। রাস্তায় হাঁট বসেছে কি না, তা-ও তিনি জানেন না।

অবশ্য রাস্তায় গরু যাতে রাখতে না পারে, সে জন্য পুলিশ সার্বক্ষণিক নজরদারি করছেন বলে দাবি করলেন গেন্ডারিয়া থানার পরিদর্শক (অপারেশন) খন্দকার হেলাল উদ্দিন। তাঁর ভাষ্য, যানবাহন চলাচলে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কর্মকর্তা আবার এ-ও বললেন, গ্রাম থেকে গরু নিয়ে আসছেন, তাঁদের তো আর ফিরিয়ে দেওয়া যায় না।

রাস্তায় গরুর হাট বসানোর অভিযোগ জানতে পেরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খান মোহাম্মাদ বিলাল। তিনি বললেন, রাস্তায় হাট বসানো যাবে না। কোনো সড়কে গরু রাখতে দেওয়া হবে না। আগামীকালই এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

ধোলাইখাল মোড় থেকে কে এম দাস লেনের রাস্তা ঘুরে দেখা গেল, ছোট্ট রাস্তার দুই পাশে গরুর হাট বসানো হয়েছে। কেবল কে এম দাস লেন নয়, পুরান ঢাকার একাধিক ছোট্ট ছোট্ট সড়কের দুই পাশে বসানো হয়েছে গরুর হাট। যেমন মিটফোর্ড হাসপাতালের সামনের রাস্তার গলিতে দেখা গেল, শতাধিক গরু সেখানে রাখা আছে। ওই গলি দিয়ে আর কোনো যানবাহন চলাচল করতে পারছে না।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনের রাস্তায় গরু রাখা হয়েছে। ছবি: আসাদুজ্জামান
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনের রাস্তায় গরু রাখা হয়েছে। ছবি: আসাদুজ্জামান