রাহিদুল হত্যার আসামিরা গ্রেপ্তার হয়নি, ছাত্রলীগের কমিটি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহ পার হলেও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র রাহিদুল ইসলাম হত্যার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত হওয়ার পর গত ২১ সেপ্টেম্বর তিনি মারা যান।এ ঘটনায় ছাত্রলীগের ঢাকা পলিটেকনিক শাখা কমিটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১১ কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।তবে পলিটেকনিক শাখা ছাত্রলীগের একাংশের অভিযোগ, সংঘর্ষে নেতৃত্বদানকারী ও মামলার প্রধান আসামি রাকিবুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লতিফ ছাত্রাবাসে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, মারামারি ও অরাজকতার ঘটনায় পলিটেকনিক শাখা ছাত্রলীগের সব ধরনের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় ১১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁরা হলেন কবীর হোসাইন, হিমেল, বসু, আসলাম, ফারদিন, শাহীন, রাসেল, সুমন, সবুজ, মামুন ও মাহফুজ।ছাত্রলীগের একাংশের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর (উত্তর) ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, ঘটনার দিন রাকিবুল ইসলাম ছাত্রাবাসে ছিলেন না। তিনি বরিশালে ছিলেন।অভিযোগ রয়েছে, গত ১৪ সেপ্টেম্বর লতিফ ছাত্রাবাসে পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ কয়েকজন রাহিদুলকে বেদম প্রহার করেন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২১ সেপ্টেম্বর ভোরে তিনি মারা যান। ওই দিন দুপুরে রাহিদুলের বাবা মোসলেহ উদ্দিন বাদী হয়ে রাকিবুল ইসলামসহ ১৫ জন ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হত্যা মামলা করেন। পুলিশ গতকাল পর্যন্ত এজাহারভুক্ত আসামিদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার না করা প্রসঙ্গে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আসামিরা ক্যাম্পাসে আসা-যাওয়া করলেও তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে না বলে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘আসামিদের আসার খবর শুনে পুলিশ ক্যাম্পাসে যায়, কিন্তু তাঁদের পাওয়া যায় না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন দুই আসামির কাছ থেকে পাওয়া তথ্য তদন্তের স্বার্থে বলা যাবে না।