রায়েরবাগে তুলার গুদামে আগুন মালামাল ছাই
যাত্রাবাড়ী থানার উত্তর রায়েরবাগে গতকাল বৃহস্পতিবার একটি তুলার গুদামে আগুন লাগে। আগুন পাশের একটি রিকশা গ্যারেজেও ছড়িয়ে পড়ে। এতে গুদামের মালামাল ও একটি ভ্যানগাড়ি পুড়ে যায়।স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ‘হূদয় এন্টারপ্রাইজ’ নামের একটি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ার আগেই কর্মচারীরা বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পান। একজন কর্মীর পোশাকে আগুন লাগায় তিনি সামান্য আহত হন। গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি রিকশার গ্যারেজে। পোস্তগোলা ও ডেমরা অগ্নিনির্বাপণকেন্দ্রের পাঁচটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে গুদামে মজুত তুলা, বিভিন্ন যন্ত্রপাতি ও গ্যারেজে থাকা একটি ভ্যানগাড়ি পুড়ে ছাই হয়ে যায়। গুদামের কর্মচারীরা সাংবাদিকদের জানান, তাঁরা হঠাৎ একটি যন্ত্র থেকে আগুনের স্ফুলিঙ্গ দেখতে পান। তা থেকে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যেতে থাকে। পোস্তগোলা অগ্নিনির্বাপণকেন্দ্রের জ্যেষ্ঠ স্টেশন ম্যানেজার আবদুল জলিল জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল কাছে হওয়ায় ও সময়মতো যেতে পারায় বড় ধরনের অঘটন ঘটেনি। গুদামে তুলা ছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে।এ নিয়ে চার দিনের ব্যবধানে রাজধানীতে দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত শনিবার হাজারীবাগের বৌবাজার বস্তিতে আগুন লেগে মারা যান ১১ জন নারী ও শিশু।