রায়েরবাজারে পুড়ে গেছে ২৫০টি বস্তিঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘক্ষণ বিলাপের পর তপ্ত ধ্বংসস্তূপ থেকে নিজের ট্রাংকটি খুঁজে পেয়ে কিছুটা সান্ত্বনা পেয়েছিলেন সিরিয়া বেগম। ট্রাংকটি খোলার পর বিলাপের মাত্রা বেড়ে যায় আরও। ট্রাংক থেকে বেরিয়ে আসে একরাশ ধোঁয়া আর পুড়ে অঙ্গার হওয়া তার সবচেয়ে দামি সম্পদগুলো, তুলে রাখা কাপড় আর কিছু কাগজপত্র।গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রায়েরবাজার রহিম বেপারির ঘাট (বটতলা) টং বস্তিতে আগুন লেগে সিরিয়া বেগমের একটি ঘরসহ প্রায় আড়াই শ ঘর ও পাশের চারটি ভবন পুড়ে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী অগ্নিকাণ্ডের পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে সিরিয়ার মতো নিম্নবিত্ত খেটে খাওয়া লোকজন তপ্ত ধ্বংসস্তূপে ঝাঁপিয়ে জিনিসপত্র খোঁজার চেষ্টা করে।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গতকাল দুপুর ১২টার দিকে বস্তির পশ্চিম পাশের একটি ঘর থেকে প্রথম ধোঁয়া দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ আগুন গ্রাস করে পুরো বস্তিকে। এ সময় বেশির ভাগ বস্তিবাসীই কাজে গিয়েছিলেন। ঘরগুলো ছিল তালা মারা। যে কয়েকজন ঘরে ছিলেন তাঁরা কিছু সম্পদ উদ্ধার করতে পেরেছেন।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, দুপুর সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তাদের নয়টি গাড়ির কর্মীরা বিকেল সোয়া চারটার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের মহাপরিচালক আবু নাঈম মো. শাহীদউল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলা বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে কারণটি এখনো সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। বস্তিতে গ্যাস ও বিদ্যুতের অবৈধ সংযোগ ছিল।মহাপরিচালকের মতে, পুরো বস্তি টিন, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে খুব দ্রুত। বস্তির আশপাশের রাস্তাগুলো খুবই সরু হওয়ায় বস্তির চারদিকে পানিবাহী গাড়ি ঢুকতে পারেনি। এক পাশ দিয়ে গাড়ি ঢুকিয়ে হোশপাইপ টেনে আগুনে পানি দিতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। এ ছাড়া গ্যাসের সংযোগ বন্ধ করতেও অনেক সময় লেগেছে।আবু নাঈম বলেন, বস্তিতে প্রায় এক হাজার খুপরিঘর ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। সেখানে পাঁচ-ছয়জন আহত হয়েছেন বলে শুনেছি। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।বস্তিতে মো. শাহীনের ৪০টি ঘরই পুড়ে গেছে। শাহীন বলেন, বস্তিতে সব মিলিয়ে প্রায় ২৫০ ঘর পুড়েছে। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সাংসদ জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে।সব হারানোদের কথা: রিকশাচালক আবদুল মান্নান শেখ আড়াই লাখ টাকা খরচ করে ওমানে যাওয়ার প্রক্রিয়া প্রায় শেষ করে এনেছিলেন। ঘরে ছিল পাসপোর্ট আর কিছু কাগজপত্র, যার সবই পুড়ে গেছে।আগুন নিভে আসার পর মুন্নী, ময়না আর মৌসুমী তিন বোন তৈজসপত্র খুঁজে বের করার চেষ্টা করছিল ডোবায় অর্ধেক ডুবে থাকা ধ্বংসস্তূপ থেকে। ১২-১৩ বছরের ময়না বলে, তাদের বাবা রিকশা চালান, তার দুই বোন গার্মেন্টসে কাজ করেন। আগুন লাগার সময় বাসায় কেউই ছিল না। তারা এখন অন্তত রাতে ভাত রাঁধার হাঁড়ি-পাতিল খুঁজে বের করার চেষ্টা করছে।ঘর থেকে জিনিসপত্র বের করার সময় প্রায় মরতে বসেছিলেন রহিমা বেগম। তবে একটি টিভি ছাড়া আর কিছুই পাননি, তাও হাত থেকে পড়ে টিভিটা ভেঙে গেছে। বোন জুলেখা বেগমের সঙ্গে নকশিকাঁথার ব্যবসা করতেন রহিমা। তাঁদের সব মালামালই পুড়ে গেছে বলে জানান তিনি।