রায়েরবাজারে যুবক খুন, উত্তরায় অজ্ঞাতনামা লাশ
রাজধানীতে পৃথক ঘটনায় দুজন খুন হয়েছেন। মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় সন্ত্রাসীরা শফিকুল ইসলাম (২০) নামের এক যুবককে খুন করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকা থেকে গতকাল শনিবার সকালে এক অজ্ঞাতনামা যুবকের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ যুবককে শ্বাসরোধে খুন করা হয় বলে পুলিশ জানিয়েছে। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহ মোহাম্মদ আহাদ হোসেন প্রথম আলোকে জানান, গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শফিকুল ও তাঁর বন্ধু রাজ ওরফে রাজন (২০) রায়েরবাজারের বৌবাজার এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় সাত-আটজন সন্ত্রাসী দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। গতকাল ভোরে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসকেরা শফিকুলকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে নিহত ব্যক্তির স্ত্রী রোজিনা আক্তার থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত ব্যক্তির স্ত্রীর বরাত দিয়ে থানাপুলিশ জানায়, কয়েক দিন আগে ক্রিকেট খেলতে গিয়ে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে রাজনের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার তারা রাজনকে মারতে আসে। এতে বাধা দিতে গেলে শফিকুলকেও তারা কুপিয়ে আহত করে।উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে আশুলিয়া মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। যুবকের হাত ও পা গামছা দিয়ে বাঁধা এবং মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে গত শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা হয়েছে।