রায়েরবাজারে সাধারণ মানুষের জমিতে কবরস্থান তৈরি না করার দাবি
রায়েরবাজার এলাকায় সাধারণ ও স্বল্প আয়ের মানুষের কষ্টার্জিত অর্থে কেনা জমি অধিগ্রহণ করে কবরস্থান নির্মাণের প্রকল্প বাতিলের দাবি জানিয়েছে রায়েরবাজার ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটি। এ ধরনের প্রকল্প গ্রহণের আগে ভূমি নির্ধারণের জন্য এলাকার প্রতিনিধির সমন্বয়ে সরকারের পক্ষ থেকে একটি বিশেষ কমিটি গঠন এবং খাসজমিতে কবরস্থান নির্মাণের দাবি জানান কমিটির নেতারা।গতকাল রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যক্তিরা বলেন, যেকোনো মূল্যে তাঁরা এলাকার সাধারণ মানুষের একমাত্র অবলম্বন সোয়া কাঠা থেকে দেড় কাঠার জমি অধিগ্রহণ বন্ধ করবেন। বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি আবাসন কোম্পনিগুলো তাদের মোট জমির দুই শতাংশ কবরস্থানের জন্য বরাদ্দ দিলে কবরস্থান সমস্যার সমাধান হবে। এ বিষয়ে আইন প্রণয়নের আহ্বান জানান তাঁরা।রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ-সংলগ্ন জমিগুলো থেকে ছোট ছোট আয়তনের জমি কিনেছিলেন যাঁরা, তাঁদের বেশির ভাগই নিম্ন আয়ের পেশাজীবী ও শ্রমজীবী মানুষ। এসব ফেরিওয়ালা, তরকারি বিক্রেতা ও শ্রমিকেরা মাথা গোঁজার জন্য কয়েক বছর আগে কষ্টার্জিত অর্থ দিয়ে স্বল্প আয়তনের এসব জায়গা কিনেছিলেন। অনেকে টাকার অভাবে নিজ জায়গায় ঘর বানাতে না পেরে অন্য জায়গায় বাসা ভাড়া করে দিন কাটাচ্ছেন।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ঢাকা শহরের চারদিকে ২৫ একর আয়তনের চারটি কবরস্থান নির্মাণের পরিকল্পনা করেছিল। সেই লক্ষ্যে ঢাকা জেলা প্রশাসন রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ-সংলগ্ন সরাই জাফরাবাদ, সুলতানগঞ্জ ও কাটাসুর মৌজার জমি হুকুমদখলের প্রক্রিয়া চূড়ান্ত করে। কিন্তু অজ্ঞাত কারণে ২০০১ সালের ১৮ অক্টোবর প্রকাশিত এক গেজেটের মাধ্যমে ভূমি অধিগ্রহণ আদেশ বাতিল করা হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন সভাপতি সমির উদ্দিন খন্দকার, সহসভাপতি মো. নুরুল ইসলাম, এস এম শাহজাহান ও কোষাধ্যক্ষ আবুল কালাম।