রায়েরবাজারে ৮০ হাজার ৫০০ কবর তৈরির প্রকল্প অনুমোদন
জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাজধানীর কবরস্থানগুলোর ওপর চাপ বাড়ছে। কিছুদিন না যেতেই একটি কবরের ওপর দিতে হচ্ছে আরেকটি কবর। দীর্ঘদিন ধরে কবরের জায়গা বাড়ানোর দাবি চলে আসছে নগরবাসীর পক্ষ থেকে। পরিস্থিতি মোকাবিলায় রায়েরবাজার জাতীয় বধ্যভূমির তিন দিকে ৮০ হাজার ৫০০ কবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ-সংক্রান্ত প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের অধীনে কোনো ব্যক্তির কাছে কবর বিক্রি করা হবে না। যেকোনো নাগরিকের মরদেহ প্রকল্পভুক্ত এলাকায় দাফন করা যাবে। এ জন্য কোনো অর্থের প্রয়োজন হবে না। বরং কবরস্থানে গরম ও ঠান্ডা পানির ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে। স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকা সিটি করপোরেশনের ৯৬ দশমিক ২৩ একর জমির ওপর ৫০৫ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ঢাকা-১০ সংসদীয় আসন এলাকায় এই কবরস্থানের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী সেই প্রতিশ্রুতি পূরণ করেছেন। এর ফলে ওই নির্বাচনী এলাকা ছাড়াও রাজধানীর অন্যান্য এলাকার মানুষের মরদেহ এই কবরস্থানে দাফন করা যাবে। জানা যায়, চলতি বছরের জুলাই মাসে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। এটা শেষ হবে ২০১৩ সালে। কবরের সংস্থান ছাড়াও এ প্রকল্পের আওতায় সাত হাজার ২০ বর্গমিটার এলাকায় জানাজা পড়া ও মরদেহ রাখার ছাউনি নির্মাণ করা হবে। এ ছাড়া থাকবে চার হাজার ৭১৭ বর্গমিটার সীমানাপ্রচীর, ১ দশমিক ৮০ কিলোমিটার রাস্তা, ১০ দশমিক ১৩ কিলোমিটার হাঁটার রাস্তা এবং ১ দশমিক ৯১ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা। প্রকল্পে ১ দশমিক ৮৬ বর্গমিটার আর্চ ব্রিজ নির্মাণ করা হবে। জানতে চাইলে স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরে যে হারে লোকসংখ্যা বেড়েছে, সে হারে কবরস্থান বাড়েনি। আশা করা যায়, গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীতে মরদেহ দ্রুত কবর দেওয়ার সুযোগ বাড়বে। এ ছাড়া লাশ দাফন নিয়ে মানুষের হয়রানি কমবে।