রিও সম্মেলনে জনসংখ্যা নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জুনে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক সম্মেলনে জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়টিকে গুরুত্ব দেওয়ার দাবি জানাবে বাংলাদেশ। সম্মেলনে পরিবেশসম্মত অর্থনীতির ওপর গুরুত্ব দেওয়া হবে।গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) এক যৌথ পরামর্শ সভায় এসব কথা জানানো হয়।সভায় বিশেষ অতিথি ও রিও সম্মেলনে বাংলাদেশের অবস্থানপত্র প্রস্তুত কমিটির প্রধান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, টেকসই উন্নয়নের বেশ কিছু ক্ষেত্রে বিশেষ করে, নারীশিক্ষা ও শিশুমৃত্যুর হার কমানোর মতো সামাজিক উন্নয়নের সূচকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে এগিয়েছে। সবুজ বা পরিবেশবান্ধব উন্নয়নের পথে দেশ এগোতে যে অর্থের প্রয়োজন, তা দেওয়ার ব্যাপারে শিল্পোন্নত দেশগুলো এগিয়ে এলে বাংলাদেশ ওই পথে এগোতে পারে।সভায় প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, জনসংখ্যা বিস্ফোরণই দেশের টেকসই উন্নয়নের প্রধান অন্তরায়। এ জন্য আসন্ন রিও সম্মেলনে জনসংখ্যার বিষয়টিকে টেকসই উন্নয়নের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ ও বনসচিব মেজবাহ-উল আলম। বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নেয়াল ওয়াকার প্রমুখ। পরে পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রণীত খসড়া অবস্থানপত্রের ওপর আলোচনা হয়। এ আলোচনার ভিত্তিতে রিও সম্মেলনে উপস্থাপনের জন্য বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করা হবে।