রিকশা উচ্ছেদের ফল নেতিবাচক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনীতি, জ্বালানি-সংকট এবং পরিবেশগত দিক বিবেচনায় রিকশা উচ্ছেদের পরিকল্পনা এবং তার ফল নেতিবাচক হবে। রিকশা উচ্ছেদের ফলে এর ওপর নির্ভরশীল দরিদ্র মানুষের মধ্যে অপরাধপ্রবণতা ছড়িয়ে পড়তে পারে।গতকাল মঙ্গলবার রাজধানীর রিকশা উচ্ছেদ নিয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ মত দিয়েছেন।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঢাকা কমিটি রাজধানীর ‘মুক্তি ভবনে’ ওই বৈঠকের আয়োজন করে। গোলটেবিল থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় রিকশার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানানো হয়।বৈঠকে বলা হয়, ঢাকায় প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক মানুষ (৩৮ দশমিক ৭ শতাংশ) যাতায়াতের জন্য রিকশা ব্যবহার করে। রাজধানীর ৪৭ দশমিক ৪ শতাংশ নারী, ৫৩ দশমিক ৬ শতাংশ শিশু ও ৩৬ দশমিক ৯ শতাংশ বৃদ্ধের যাতায়াতের একমাত্র বাহন রিকশা। স্কুলগামী শিক্ষার্থীদের ৪২ শতাংশের একমাত্র পরিবহন রিকশা। অথচ মালিবাগ থেকে মৌচাক, শান্তিনগর থেকে রাজস্ব ভবন, মগবাজার থেকে কমলাপুর, বিজয় সরণি থেকে মহাখালী ও বাংলামোটর, নীলক্ষেত থেকে নিউ মার্কেট, নটর ডেম কলেজ থেকে শাপলা চত্বর, বনানী থেকে আব্দুল্লাহপুরসহ নতুন নতুন অনেক রাস্তায় রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।বক্তারা বলেন, রিকশা প্রতিবছর দেশের পাঁচ হাজার কোটি টাকার জ্বালানি সাশ্রয় করে। এক সমীক্ষায় দেখা গেছে, ঢাকার রিকশাশ্রমিকেরা প্রতি মাসে ২০০ কোটি টাকা গ্রামে পাঠান, যা গ্রামীণ অর্থনীতিতে একটি বিশেষ ভূমিকা পালন করে।আলোচনায় সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, লেখক ও সাংবাদিক মনজুরুল হক প্রমুখ অংশ নেন।