রিকশা চলতে পারে না, হেঁটে চলাও কষ্টকর যে রাস্তায়
ছোট্ট রাস্তা। পানিনিষ্কাশনের জন্য গভীর পাইপ স্থাপন করা হয়েছে সম্প্রতি। রাস্তাটি এবড়ো-থেবড়ো। কিছু দূর পর পর ম্যানহোলের জন্য কংক্রিটের যে স্ল্যাব দেওয়া হয়েছে, সেগুলোর উচ্চতা মাটি থেকে কয়েক ইঞ্চি বেশি। ফলে ওই রাস্তায় অন্যান্য যানবাহন দূরে থাক, রিকশাই চলতে পারছে না।রাজধানীর ধানমন্ডির শংকর থেকে জাফরাবাদ কমিউনিটি সেন্টার পর্যন্ত রাস্তার বর্তমান অবস্থা এমন। ছয় মাস ধরে চলছে এ অবস্থা। এ রাস্তা দিয়েই পশ্চিম ধানমন্ডি ইউসুফ স্কুলে যাতায়াত করতে হয়। ওই স্কুলে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় পরীক্ষার্থীদের দুর্ভোগ সয়ে কেন্দ্রে যেতে হচ্ছে। ওই এলাকায় ইংরেজি ও বাংলা মাধ্যমের আরও কয়েকটি বিদ্যালয় আছে। রাস্তার এই দশার জন্য সব শিক্ষার্থী ও অভিভাবককেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার পাঠশালা গলিতেও পানিনিষ্কাশনের পাইপ বসানো হয়েছে। ওই গলিও চলাচলের অনুপযোগী হয়ে আছে।এলাকাবাসী জানান, জাফরাবাদ, পাঠশালা গলিসহ এলাকার লোকজনকে ধানমন্ডি যেতে হলে হাজারীবাগ, পুলপাড়, মোহাম্মদপুর লিংক রোড হয়ে ঘুরে যেতে হচ্ছে। অল্প কিছু রিকশা চলাচল করে। তবে রাস্তা খারাপ থাকায় বেশ ঝাঁকি খেতে হয়।গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, সাতমসজিদ রোড থেকে ওই রাস্তার প্রবেশমুখ বন্ধ করে রাস্তা ঢালাইয়ের কাজ চলছে। মানুষের হাঁটার জন্য যে অংশ রাখা হয়েছে, সেখান দিয়ে একজন হাঁটা যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা লোককে অপেক্ষা করতে হয়। রাস্তার মাঝখানে ও অন্যান্য স্থানে রাখা হয়েছে বালু, সিমেন্ট ও খোয়া। দুপুরের দিকে এসএসসি পরীক্ষা শেষ হলে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা বাড়ি ফিরতে গিয়ে বেকায়দায় পড়েন।একজন পরীক্ষার্থী আরিফ শাহরিয়ার বলে, ‘মালিবাগের বাসা থেকে বের হয়েই যানজটে পড়েছি। এখানে এসে বেশ কিছুটা কোনোমতে হেঁটে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে হয়েছে। বাসায় যাওয়ার সময় আবার একই ভোগান্তি। যানজটের চেয়ে এটুকু পথ হেঁটে পার হওয়াই বেশি কষ্টের।’দুজন অভিভাবক শহিদুল আউয়াল ও সরওয়ার হোসেন চৌধুরী বলেন, পুরোটা রাস্তা ভাঙা। আজ (গতকাল) ঢালাই শুরু হয়েছে। এত দিন ভাঙা রাস্তায় দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন ঢালাইকাজের কারণে হাঁটার পথও প্রায় বন্ধ। আরেকজন পরীক্ষার্থীর অভিভাবক ফারজানা রহমান বলেন, রাতে ঢালাই করলে দুর্ভোগ কিছুটা কম হতো।ওই এলাকায় রিকশাভ্যানে করে পানি বিক্রি করা মো. স্বপন খান বলেন, প্রায় ছয় মাস ধরে মাটির নিচে পাইপ বসানো হয়েছে। হাঁটার মতো উপায়ও ছিল না।ওই রাস্তায় ঢালাইয়ের কাজ করছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। সংস্থার উপসহকারী প্রকৌশলী শহিদুর রহমান প্রথম আলোকে বলেন, পানিনিষ্কাশন লাইনের কাজ শেষ হওয়ার পরই ঢালাইয়ের কাজ করার কথা। এক সপ্তাহের মধ্যে ঢালাইয়ের কাজ শেষ হয়ে যাবে। দিনে কাজ করার বিষয়ে তিনি বলেন, ওই এলাকায় রাতে কাজ করার মতো যথেষ্ট আলো নেই। তাই দিনে কাজ করছেন।শহিদুর রহমান জানান, প্রায় ৮০০ মিটার এলাকায় ঢালাইয়ের জন্য ২০ লাখ টাকা ব্যয় হবে। মেসার্স বাচ্চু কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারিপ্রতিষ্ঠান এ কাজ করছে।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের বলেন, পানিনিষ্কাশনের লাইনের কাজ দীর্ঘদিন ধরে চলায় এলাকাবাসী অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে।