রিকশা চাপা দিয়ে মিনিবাস ঢুকল দোকানে, নিহত ১
নিয়ন্ত্রণ হারানো একটি মিনিবাস প্রথমে চাপা দিল একটি রিকশাকে। এতে নিহত হলেন রিকশাচালক ও আহত হলেন রিকশার দুই আরোহী। এরপর মিনিবাসটি এক পথচারীকে চাপা দিয়ে ঢুকে গেল সড়কের পাশের দোকানে। গতকাল বুধবার সকালে ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুরে।মিরপুর থানার পুলিশ জানায়, সকাল সাড়ে আটটার দিকে সেনপাড়া-পর্বতা সড়কে ইউনাইটেড পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিকশাচালক আবদুল গনি (৩৫) নিহত হন। আহত হন রিকশার দুই যাত্রী। রিকশাকে চাপা দিয়ে মিনিবাসটি ঢুকে পড়ে সড়কের পাশে প্যাসিফিক টেলিকম নামের একটি দোকানে। এতে একজন পথচারীও গুরুতর আহত হন। আহতদের মিরপুর ও পান্থপথের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ মিনিবাসটি আটক ও এর চালক রোজোয়ান খানকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, নিহত গনির বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুরে। ঢাকায় তিনি ১৮/৬ পশ্চিম শেওড়াপাড়ায় থাকতেন।নির্মাণশ্রমিকের মৃত্যু: রমনা থানার পুলিশ জানায়, রমনা থানাধীন ১৪৪ নিউ বেইলি রোডে নির্মাণাধীন ১২ তলা ভবনের তিনতলা থেকে গত মঙ্গলবার দুপুরে মো. রায়হান (১৬) নামের এক নির্মাণশ্রমিক পড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়। তার বাড়ি পাবনার সুজানগরের বনখোলা গ্রামে। তার বাবার নাম হারুন অর রশীদ।ঝুলন্ত লাশ উদ্ধার: খিলক্ষেত থানার পুলিশ গতকাল ভোরে খিলক্ষেতের উত্তরপাড়া বটতলার একটি বাসা থেকে কাঁচামাল ব্যবসায়ী ইকবাল হোসেনের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে। তাঁর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঘরের সিলিংয়ের সঙ্গে ঝুলছিল। তিনি দ্বিতীয় স্ত্রী পারভীন বেগমকে নিয়ে ওই বাসায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। পারিবারিক জটিলতার কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনেরা পুলিশকে জানিয়েছেন।