রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি টিনশেড বাসা থেকে গতকাল সোমবার দুপুরে সাইফুল ইসলাম (২৫) নামের এক রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, রিকশাচালক সাইফুল স্ত্রীকে নিয়ে রায়ের বাজারের পাবনা হাউস গলির ৮৩/৩/সি নম্বরের টিনশেড বাসায় থাকতেন। গত রোববার সন্ধ্যায় তাঁর স্ত্রী একই এলাকায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। তিনি রাত নয়টার দিকে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় তিনি পাশের বাসায় গিয়ে রাতে থাকেন। গতকাল সকালে আবার বাসায় ফিরে তিনি আগের মতোই দরজা বন্ধ দেখতে পান। এতে সন্দেহ হওয়ায় তিনি প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে বাইরে থেকে হাত ঢুকিয়ে দরজার সিটকিনি খুলে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় সাইফুলের লাশ ঝুলছে। এসআই শিহাব বলেন, প্রাথমিক তদন্তে সাইফুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার কারণ জানা যায়নি।