রিক্তা হত্যায় জড়িতদের শাস্তির দাবি
গৃহবধূ রিক্তা খাতুনের হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার মানববন্ধন করেছেন আগারগাঁও তালতলা স্কুল ও মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। দুপুর একটার দিকে কলেজের সামনে এ মানববন্ধন হয়। রিক্তা ওই কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীও ছিল।মানববন্ধনে কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, রিক্তার স্বামী দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। তিনি নারীর ওপর নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সচেতন মহলের প্রতি আহ্বান জানান।সূত্র জানায়, স্বামী মঞ্জুরুল হকের সঙ্গে উত্তর পীরেরবাগের বাসায় থাকতেন রিক্তা। গত ২১ আগস্ট রাতে তার রহস্যজনক মৃত্যু হয়। স্বামীর পক্ষ থেকে একে আত্মহত্যা বলা হলেও রিক্তার পরিবার অভিযোগ করে, এটি হত্যা। অভিযোগ উঠলে ২২ আগস্ট পুলিশ মঞ্জুরুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়।যোগাযোগ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, রিমান্ডে মঞ্জুরুল কোনো কিছু স্বীকার না করলেও রিক্তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। রিমান্ডের পর মঞ্জুরুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।