রিজওয়ানা হাসানের বিরুদ্ধে মানহানির মামলা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও আইনজীবী ইকবাল কবিরের বিরুদ্ধে চট্টগ্রামে করা একটি মানহানির মামলা বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও ফরিদ আহমেদের বেঞ্চ এ রায় দেন। জাহাজ না ভাঙার জন্য আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কয়েকটি জাহাজ ভাঙা প্রতিষ্ঠানের জাহাজ আমদানির তৎপরতার প্রেক্ষাপটে জাহাজগুলোর প্রবেশ রোধে সতর্ক থাকতে এবং আদালতের নির্দেশ কার্যকর করতে ২০১০ সালের সেপ্টেম্বরে বেলা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ ও সতর্কীকরণ চিঠি পাঠায়। এ বিষয়ে প্রথম আলো ও জনকণ্ঠ পত্রিকায় প্রতিবেদন ছাপা হয়। নোটিশ ও সতর্কীকরণ চিঠি দেওয়া এবং এ নিয়ে পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হওয়ায় মানহানি ও আর্থিক ক্ষতির অভিযোগে জাহাজ ভাঙা প্রতিষ্ঠান ম্যাক গ্রুপের ব্যবস্থাপক (ভূমি) আবদুর রউফ চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। ওই মামলায় তাঁরা হাইকোর্ট থেকে জামিন পান। পরবর্তী সময়ে বিবাদীরা মামলা বাতিল চেয়ে চলতি বছরের ২৪ জানুয়ারি হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে আদালত ওই দিনই রুল জারি করে মামলার কার্যক্রম স্থগিত করেন। আর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রুল মঞ্জুর করে রায় দেন।