রিট খারিজ, জি কে শামীমের কোম্পানির সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ঠিকাদারি প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের সঙ্গে করা চুক্তি বাতিলের বৈধতা নিয়ে করা রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজিমপুরে সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণের চুক্তি করা হয়েছিল।

জি কে বি কোম্পানির পক্ষে করা এক রিটের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে গণপূর্ত অধিদপ্তরের গণপূর্ত সার্কেল-৪ ঢাকার ওই চুক্তি বাতিলের সিদ্ধান্ত বহাল থাকল বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

গত ১৬ ফেব্রুয়ারি গণপূর্ত সার্কেল-৪ ঢাকা ওই চুক্তি বাতিল করে এবং গণপূর্ত অধিদপ্তর ২৪ জুন ওই কাজের জন্য নতুন করে দরপত্র আহ্বান করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে জি কে বি কোম্পানি ১৩ আগস্ট রিটটি করে, যার ওপর আজ শুনানি হয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও আবদুল্যাহ আল মাহমুদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

পরে আবদুল্যাহ আল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘ঢাকার আজিমপুরে সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন (২০ তলাবিশিষ্ট দুটি ভবন) নির্মাণের জন্য ২০১৯ সালের ৭ এপ্রিল চুক্তি হয়। ১৯৫ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ৩২৭ টাকার কার্যাদেশ পাওয়ার পর ওই চুক্তি হয়। কোনো ধরনের নোটিশ না দিয়ে চুক্তি বাতিল ও নতুন করে দরপত্র আহ্বান করার বৈধতা নিয়ে রিটটি করা হয়। এমনি চুক্তির পরও নিয়ম অনুসারে সাইট হস্তান্তর করা হয়নি। এসব যুক্তিতে রিটটি করা হয়। আদালত রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন।’

ক্যাসিনো–বিরোধী অভিযানের সময় গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন জি কে শামীম। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক চারটি মামলা হয়। এখন তিনি কারাগারে আছেন।