রিমান্ডে নতুন তথ্য নেই, বাদীর সংবাদ সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিমান্ডের দ্বিতীয় দিনেও নতুন কোনো তথ্য দেননি পিংকি আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত মুরাদ মৃধা। সূত্র জানিয়েছে, পিংকির সঙ্গে অভিযুক্ত মুরাদের কী ধরনের সম্পর্ক বা যোগাযোগ ছিল সে বিষয়ে তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তবে তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে খুব বেশি কিছু বলতে চাননি কেউই। তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক এ এস এম সায়েদ সাংবাদিকদের কাছে এ বিষয়ে সহযোগিতা চান।তিন দিনের রিমান্ডের শেষ দিনেও মুরাদের কাছ থেকে নতুন তথ্য পাওয়া যাবে বলে আশা করছে না পুলিশ। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা গতকাল জানান, ‘মুরাদ পিংকিকে থাপ্পড় মারার কথা স্বীকার করলেও অন্য কিছু বলছে না। প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পিংকি ও মুরাদের পরিবারের দেওয়া তথ্য বিশ্লেষণ করে এগোতে হবে।’ আজ বা আগামীকাল ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে তদন্তকাজ গতি পাবে বলেও জানান তিনি। বাদী পিংকির চাচা আলী আশরাফ আখন্দ জানিয়েছেন, আজ বুধবার পিংকির পরিবারের পক্ষে সংবাদ সম্মেলন করা হবে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে অনুষ্ঠেয় এ সংবাদ সম্মেলনে পিংকির পরিবারের কাছে থাকা কিছু প্রমাণাদি হাজির করা হবে বলেও তিনি জানিয়েছেন। আলী আশরাফ গত দুদিন ধরে অভিযোগ করছেন, কে বা কারা তাঁদের শ্যামলীর বাসার বাইরে দাঁড়িয়ে নজরদারি করছে। তিনি প্রথম আলোকে বলেন, সারা দিন বিভিন্ন নম্বর থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। শেরেবাংলা নগর থানার পুলিশ বিষয়টি জানে।