রিমান্ডে প্রেমের প্রমাণ দিতে পারছে না অভিযুক্ত মুরাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বছরখানেক আগে থেকে আমার সঙ্গে পিংকির প্রেমের সম্পর্ক ছিল। আমি ওকে কখনো রাস্তায় উত্ত্যক্ত করিনি। আমার কাছে পিংকির ছবি আছে। মোবাইল ফোনের মেমরি কার্ডে আমাদের দুজনের কথা রেকর্ড করা আছে।’ পিংকির আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিযুক্ত মুরাদ মৃধা রিমান্ডের প্রথম দিনে এ কথাই বলেছে। তদন্তকারী কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) এ এস এম সায়েদ গতকাল সারা দিন প্রেমের এই দাবির প্রমাণ চাইলেও মুরাদ চুপ থেকেছে। তিন দিনের রিমান্ডের প্রথম দিন শেষে তদন্তকারী কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। এ এস এম সায়েদ বলেন, গ্রেপ্তারের পর থেকেই মুরাদ দাবি করছে, পিংকিকে সে উত্ত্যক্ত করত না। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মুরাদের দাবি, ঘটনার দিন তার ওপর অভিমান করে পিংকি হাত কাটায় সে তাকে থাপড় মেরেছিল। তবে সে নিজে বাসার সামনের ফার্মেসি থেকে পিংকির প্রাথমিক চিকিত্সা করিয়েছে বলে দাবি করে। এখন পর্যন্ত এগুলোকে মুরাদের মুখের কথা হিসেবেই বিবেচনা করছেন তদন্তকারী কর্মকর্তা। তিনি বলেন, দীর্ঘ জিজ্ঞাসাবাদে তার এসব দাবির প্রমাণ চাইলে সে তা দেখাতে ব্যর্থ হয়েছে। পিংকির সঙ্গে তার কথোপকথন রেকর্ড করা মেমরি কার্ডটির কথা মুরাদ বারবার বললেও সেটি কোথায়, সে ব্যাপারে কিছু জানা যায়নি। উল্লেখ্য, ১৯ জানুয়ারি বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিংকির লাশ পাওয়া যায়। মারা যাওয়ার আগে পিংকি তার খাতায় লেখা চিঠিতে মুরাদ তাকে থাপড় মেরেছিল বলে জানিয়ে গেছে। গতকাল মুরাদকে তিন দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।