রিহ্যাব মেলায় ২৫ কোম্পানিকে সতর্ক করল রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চলমান রিহ্যাব মেলায় অনুমোদনহীন আবাসন প্রকল্পের প্লট বিক্রি ও প্রচার বন্ধের জন্য ২৫টি কোম্পানিকে সতর্ক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজউকের একজন ম্যাজিস্ট্রেট মৌখিকভাবে ওই সব প্রতিষ্ঠানকে সতর্ক করেন। পরে রাজউকের পরিচালক ও নগরপরিকল্পনাবিদ গোলাম মোস্তফার সই করা একটি সতর্কতা নোটিশ রিহ্যাব প্রতিনিধিকে দেওয়া হয়। গতকাল সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজউক মেলায় প্রবেশ-পথের পাশে কর্মকর্তারা একটি নামী আবাসন কোম্পানির স্টলে হাজির হন। কোম্পানিটি রাজউকের অনুমোদনহীন দুটি আবাসন প্রকল্পের প্লট বিক্রি ও প্রচার করছিল। রাজউক কর্মকর্তারা কোম্পানির দায়িত্বরত ব্যক্তিদের চ্যালেঞ্জ করলে তাঁরা অনুমোদনপত্র দেখাতে ব্যর্থ হন। পরে তাঁরা বলেন, বিক্রি নয় শুধু প্রচার করা হচ্ছে। পরে স্টল থেকে সব প্রচারপত্র সরিয়ে নেওয়ার জন্য তাঁদের সকর্ত করে দেওয়া হয়।এরপর রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একজন শীর্ষস্থানীয় নেতার মালিকানাধীন অপর একটি নামী কোম্পানির স্টলে গিয়ে দুটি আবাসন প্রকল্পের প্রচারপত্র সরিয়ে নিতে বলা হয়। এভাবে একে একে ২৫টি কোম্পানিকে সতর্ক করে দেয় রাজউক। দুটি আবাসন কোম্পানির প্রতিনিধিরা স্টল ফেলে পালিয়ে যান। পরে রাজউক তাঁদের প্রচারপত্র সরিয়ে নেয়। রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ভূমি উন্নয়ন আইনের ১৬/৩ ধারা অনুযায়ী অনুমোদনহীন আবাসন প্রকল্পের প্রচার ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। গতকাল তাদের মৌখিকভাবে ও রিহ্যাবকে লিখিতভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। এগুলোর প্রচার ও বিক্রি অব্যাহত রাখলে লিখিত নোটিশ ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেট ছাড়াও এ সময় রাজউকের পরিচালক (পরিকল্পনা ও প্রণয়ন) মো. সিরাজুল ইসলাম, অথরাইজড কর্মকর্তা আমিনুর রহমান, উপনগরপরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।