রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অবৈধ ও বাতিল ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেছেন সাধারণ সদস্যদের একাংশ। নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ১২০ দিনের মধ্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।গতকাল বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘রিহ্যাবের সাধারণ সদস্য’ ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এইচ এম আবদুল মোমেনের নাম বলা হয়।সংবাদ সম্মেলনে বলা হয়, গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রূপসী বাংলা হোটেলে অনুষ্ঠিত রিহ্যাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সাধারণ সদস্যরা বর্তমান কার্যনির্বাহী কমিটির বৈধতা ও নির্বাচিত হওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। তবে, মঞ্চে বসা পরিচালনা কমিটির সদস্যরা এ বিষয়ে কোনো কথা বলেননি। তাঁরা নিজেদের নেতৃত্বের সপক্ষে কোনো তথ্য-প্রমাণও উপস্থাপন করেননি। সভায় উপস্থিত সাধারণ সদস্যরা একপর্যায়ে উদ্যোগী হয়ে বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ‘অবৈধ ও অবাঞ্ছিত’ ঘোষণা করেন। এভাবে বার্ষিক সাধারণ সভা পরিণত হয় শুধু সাধারণ সভায়।সংবাদ সম্মেলনে মোমেন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রিয়াদ মোমেন বলেন, মঙ্গলবারের সভায় রিহ্যাবের সাধারণ সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে দুটি সিদ্ধান্ত নেন। তা হলো বর্তমান কার্যনির্বাহী কমিটিকে অবৈধ ঘোষণা এবং রিহ্যাবের সাবেক নেতাদের নিয়ে আট সদস্যের আহ্বায়ক কমিটি গঠন।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মঙ্গলবারের সভায় রিহ্যাবের ২৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ২২৭ জন সাধারণ সদস্য আহ্বায়ক কমিটি গঠনসংক্রান্ত রেজ্যুলেশনে সই করেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য এই রেজ্যুলেশনের কপি প্রধানমন্ত্রীর কার্যালয়, বাণিজ্য ও পূর্ত মন্ত্রণালয়, এফবিসিসিআই, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মাটি প্রপার্টিজের সৈয়দ শামীম আহমেদ। উপস্থিত ছিলেন সেঞ্চুরি রিয়েলিটির ব্যবস্থাপনা পরিচালক এম জি আর নাসির, এস এ খালেক প্রপার্টিজের পরিচালক সৈয়দ আবু বকর সিদ্দিক, কম্প্রিহেনসিভ হোল্ডিংসের উপ-ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর করিম, বিওসিএলের প্রকৌশলী সোহেল রানা, বিশ্বাস বিল্ডার্সের পরিচালক শহিদুর রহমান প্রমুখ।