রুক্ষ নগরের কোমল সুন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে দুর্বিষহ যানজট। ফুটপাতে দখল। যত্রতত্র আবর্জনার স্তূপ। নর্দমা কিংবা ম্যানহোল উপচে ওঠা পুঁতিগন্ধময় কাদা পানি। এর সঙ্গে সড়কের হৃদয় খুঁড়ে রাখা উন্নয়নবিষয়ক গর্তের যন্ত্রণা, যা অনির্দিষ্টকাল ধরে ভোগ করছে নগরবাসী—এই তো ঢাকা শহরের চেনা ছবি।

 সড়কের পাশ দিয়ে উঠে যাচ্ছে সুঠাম শরীরের ঝকঝকে ইমারত। তার দেয়ালে, জানালায় লাগানো রোদ নিরোধক কাচে বাধা পেয়ে ফিরে আসা বৈশাখী রোদের কিরণ ধাঁধিয়ে দেয় ক্লান্ত নাগরিকের দৃষ্টি। রাজনৈতিক দলের পোস্টারে ছাওয়া দেয়াল আর বিজ্ঞাপনের হোর্ডিংয়ে আগাপাছতলা বদলে যাচ্ছে মোগল সুবাদার ইসলাম খানের চার শ বছরের প্রাচীন এ শহরের দিগন্তরেখা। এককালে সবুজের সুনিবিড় সমারোহে স্নিগ্ধ ঢাকা এখন পুরোনো দিনের স্মৃতি।

তবু নগর নির্মাণের আগ্রাসন থেকে এখনো এ শহরের যে একমুঠো সবুজের অস্তিত্ব টিকে আছে, নিসর্গীরা সেই রমনা-সোহরাওয়ার্দী উদ্যান এলাকাটিকে শহরের ফুসফুস বলে অভিহিত করে থাকেন। এই গ্রীষ্মে সেখানে ফুটে ওঠা জারুল, সোনালু, কৃষ্ণচূড়া, কাঠগোলাপেরা লাবণ্যময় করে তুলেছে নাগরিক রুক্ষতাকে।

কাঁচা সবুজের ওপর চড়া বেগুনির শোভা! ফুলে ফুলে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জারুলগাছগুলো
কাঁচা সবুজের ওপর চড়া বেগুনির শোভা! ফুলে ফুলে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জারুলগাছগুলো

জারুল
গ্রীষ্মের খ্যাতি তার সুস্বাদ সরস বিচিত্র ফলের কারণে, ফুলের জন্য নয়। তবু যৎসামান্য যেসব ফুল ফোটে এই কাঠফাটা রোদ ঝলসানো দিনে, তার সৌন্দর্য অতুলনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন, রোকেয়া হল, টিএসসি মোড় থেকে দোয়েল চত্বর দিয়ে বা রমনার পূর্ব দিকে হেয়ার রোড, মিন্টো রোড বা এলিফ্যান্ট রোড দিয়ে যাওয়ার সময় কেউ যদি মুখ তুলে তাকান, তবে চোখ জুড়িয়ে যাবে। কচি সবুজ পাতায় ভরা ঝাঁকড়া গাছগুলোর মাথায় মৃদুমন্দ হাওয়ায় দুলছে অজস্র বেগুনি রঙের ফুলের গুচ্ছ। এগুলোই জারুল। আমাদের নিজস্ব জাতের বৃক্ষ।
সবুজের সন্নিবেশে বেগুনির এই বিপুল সমারোহ বড়ই মনোমুগ্ধকর। বৈশাখের শুরু থেকেই ফুটতে থাকে। বলা যেতেই পারে, লোকে যেমন গান গেয়ে নববর্ষকে স্বাগত জানায়, তেমনি প্রকৃতি বাংলা নববর্ষকে স্বাগত জানাতে ফুলের সাজি ভরিয়ে তোলে জারুলের শাখায় শাখায়। গাছে ফুলের রেশ থাকে প্রায় শরতের শেষ পর্যন্ত। জারুল ফুল আরেকটি কারণে ব্যতিক্রমী। গ্রীষ্মে লাল, গোলাপি রঙের ফুল যত দেখা যায়, ছয় পাপড়ির জারুল ছাড়া বেগুনি ফুল তেমন চোখে পড়ে না।

সোনালু ফুল। থোকায় থোকায় ঝুলেদুলে হাইকোর্ট এলাকার দুপুরের রোদকে যেন আরও উজ্জ্বল করে তুলছে l আবদুস সালাম
সোনালু ফুল। থোকায় থোকায় ঝুলেদুলে হাইকোর্ট এলাকার দুপুরের রোদকে যেন আরও উজ্জ্বল করে তুলছে l আবদুস সালাম

সোনালু
সোনালুর নাম হয়েছে তার উজ্জ্বল সোনালি হলুদ রঙের জন্য। শীতে পাতা ঝরে যাওয়া গাছটিতে বসন্তে আসা কচি পাতার সঙ্গে অজস্র ফুল ফোটা শুরু হয় গ্রীষ্মের প্রথম থেকে। লম্বা পুষ্পমঞ্জরিগুলো ঝুলতে থাকে শাখায়। পাপড়ি পাঁচটি। আদি নিবাস হিমালয় এলাকায়। তবে বাংলাদেশ ও ভারতের নিজস্ব প্রজাতি বলেই একে মনে করেন উদ্ভিদবিজ্ঞানীরা। সোনালুর ফল হয় লম্বা লাঠির মতো। পাকলে কালচে রঙের। তাই সোনালুকে ‘বান্দর লাঠি’ও বলেন অনেকে।

‘কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুল ফুলে...’। শহরজুড়েই এখন কৃষ্ণচূড়ার রক্তিম আভা।  ছবিটি রমনা উদ্যানের
‘কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুল ফুলে...’। শহরজুড়েই এখন কৃষ্ণচূড়ার রক্তিম আভা। ছবিটি রমনা উদ্যানের

কৃষ্ণচূড়া

কে বলবে, কৃষ্ণচূড়া আমাদের নিজস্ব নয়। এত চেনা, এত আপন মনে হয় মাদাগাস্কারের এই বৃক্ষটিকে যে তাকে পরদেশি বলে মনেই হয় না। ফুল ফোটা শুরু হয় গ্রীষ্মেই। এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রস্ফুটন। ঢাকায় জাতীয় সংসদ এলাকায় চন্দ্রিমা উদ্যান-সংলগ্ন সড়কে, ধানমন্ডির সাতমসজিদ রোডে, রমনায় রক্তিম কৃষ্ণচূড়াবীথি নান্দনিক সুষমা ছড়িয়ে দিয়েছে শহরের পরিবেশ। ফুলে রক্তলাল, ফিকে গোলাপি বা হলুদাভ রঙের চারটি পাপড়ি। আরও একটি সুন্দর নাম আছে এর—‘গুলমোহর’।

‘ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল...’। বাস্তবে হাইকোর্ট প্রাঙ্গণে চড়া আলোতেই হেসে আছে কাঠগোলাপ
‘ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল...’। বাস্তবে হাইকোর্ট প্রাঙ্গণে চড়া আলোতেই হেসে আছে কাঠগোলাপ


কাঠগোলাপ

গ্রীষ্মের শেষ দিকের ফুল কাঠগোলাপ। অনেকে ‘গুলাচি’ বা ‘গোলক চাঁপা’ও বলেন। আদি বাস মেক্সিকো, ভেনেজুয়েলা ও মধ্য ভারতে। কাঠগোলাপ সাদা, সাদা-হলুদ বা গোলাপি রঙের পাঁচ পাপড়ির ফুল। জাতীয় জাদুঘর, বেইলি রোড, ভিকারুননিসা স্কুল, শিশু একাডেমী ও ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলের সামনে চোখে পড়বে কাঠগোলাপের শোভা। তাকে নিয়ে নজরুলের গান, ‘ম্লান আলোকে ফুটলি কেন গোলক-চাঁপার ফুল/ ভূষণহীনা বনদেবী কার হ’রি তুই দুল/ হার হ’বি কার কবরীতে/ সন্ধ্যারানী দূর নিভৃতে/ ব’সে আছে অভিমানে ছড়িয়ে এলোচুল...।’