রুনা হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলে বখাটেদের মোটরসাইকেলচাপায় নিহত রুনা আক্তারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের নারী শাখা আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, রুনা আক্তারের হত্যাকাণ্ডটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। ক্ষমতাসীনদের প্রভাববলয়ে থাকার কারণে এসব নারী নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনার বিচার হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নারী নিপীড়নের ঘটনার বিচার না হওয়া এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এ ধরনের ঘটনাকে উৎসাহিত করেছে। তাঁরা অবিলম্বে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও তা প্রয়োগের দাবি জানান।
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি এলাকায় ২৩ অক্টোবর গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী হিসাবরক্ষক রুনা আক্তার মোটরসাইকেলচাপায় নিহত হন।
সমাবেশে ঘটনার প্রত্যক্ষদর্শী ও রুনার ছোট বোন তানিয়া আক্তার ঘটনার বর্ণনা দিয়ে বলেন, দীর্ঘদিন ধরেই এজিবি কলোনিতে চিহ্নিত বখাটেরা নারীদের নানাভাবে উত্ত্যক্ত করত। বখাটেরা স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় রয়েছে। প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে। সংগঠনের নারীনেত্রী রাশেদা কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব, উদীচীর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য প্রদীপ ঘোষ, ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী প্রমুখ।