এশিয়ার মধ্যে বাংলাদেশে সবচেয়ে দ্রুত নগরায়ণ হচ্ছে। এটি নিম্ন থেকে মধ্য আয়ের দেশে উন্নীত হওয়ার সহজাত প্রক্রিয়া। তবে এখানে নগরের সাধারণ বাসিন্দা ও বস্তিবাসীর মধ্যে বৈষম্য ব্যাপক। এর ফলে সমাজে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। এটি চলতে থাকলে রূপকল্প ২০২১ বাস্তবায়ন সম্ভব হবে না। ‘আন্ডারস্ট্যান্ডিং আরবান ইনইকুয়ালিটিস ইন বাংলাদেশ: এ প্রিরিকুইজিট ফর এচিভিং ভিশন-২০২১’ শীর্ষক ইউনিসেফের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে ইউনিসেফ ও বেসরকারি সংস্থা সেন্টার ফর আরবান স্টাডিজ আয়োজিত এক অনুষ্ঠানে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিসেফ প্রতিনিধি ক্যারল ডি রয় ওই প্রতিবেদন উপস্থাপন করেন।প্রতিবেদনে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় নগরের বস্তি এলাকা এবং অন্য এলাকার মধ্যে বৈষম্য মোকাবিলায় একীভূত নগর উন্নয়ন কৌশল প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়, ভারত, চীন ও ব্রাজিলের অভিজ্ঞতা বলে, দারিদ্য বিমোচনে গতানুগতিক অর্থনৈতিক উন্নয়নের চেয়ে বৈষম্য কমানোর পদক্ষেপ বেশি কার্যকর।প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রায় চার কোটি ১০ লাখ মানুষ শহরাঞ্চলে বাস করে। এর মধ্যে বস্তিতে থাকে প্রায় ৭০ লাখ লোক। এসব বস্তিবাসীর অবস্থা গ্রামের বেশির ভাগ মানুষের চেয়ে খারাপ। বস্তি এলাকায় পাঁচ বছরের নিচে শিশু মৃত্যুর হার গ্রামের তুলনায় ৫০ শতাংশ বেশি। বিদ্যালয় থেকে ঝরে পড়ার হারও বস্তিতে অনেক বেশি। বস্তিতে শিশুশ্রমিকের হার জাতীয় হারের তিন গুণ বেশি। গ্রামে স্বাস্থ্যসম্মত পায়খানা-সুবিধা পায় ৫৪ শতাংশ মানুষ। অথচ বস্তিতে এই সুবিধা পায় মাত্র নয় ভাগ মানুষ। গ্রামের ৭০ ভাগ মেয়ে সাক্ষর, বস্তিতে এ হার ৫২। মাধ্যমিক স্তরে বিদ্যালয়ে যাওয়া শিক্ষার্থীর হার শহরে ৫৩, গ্রামে ৪৮, আর বস্তিতে এ হার মাত্র ১৮ শতাংশ।দ্রুত নগরায়ণের বিষয়ে ব্রাজিলের অভিজ্ঞতার আলোকে ওই প্রতিবেদনে বলা হয়, কোনোভাবেই নগরায়ণের এ প্রাকৃতিক গতি থামানো বা উল্টে দেওয়া যাবে না। এটিকে সরকারের ইতিবাচকভাবে নেওয়া উচিত। কারণ বস্তির এ বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী বোঝা না হয়ে অর্থনীতির চাকার গতি বাড়াতে সহায়তা করতে পারে।অনুষ্ঠানে আলোচকেরা বস্তির জনগণকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সক্ষম এবং দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শুধু নির্বাচনের সময় বস্তির লোকদের মূল্যায়ন করা হয়। অন্য সময় তাদের খোঁজ নেওয়া হয় না। এভাবে হলে উন্নয়ন সম্ভব নয়। তাদের বাদ দিয়ে উন্নয়নের চেষ্টা করা হলে তা হবে বৃথা।অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, দেশে বৈষম্য ভয়াবহভাবে বাড়ছে। উন্নয়ন চিন্তায় বস্তিকে গুরুত্ব দেওয়া হয় না। তিনি দারিদ্র্য বিমোচনে বস্তিবাসীকে দক্ষ মানবসম্পদে পরিণত করা এবং সব সুযোগ-সুবিধা বিকেন্দ্রীকরণের ওপর গুরুত্বারোপ করেন।ইউনিসেফ প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, বাংলাদেশে মানুষ মূলত অর্থনৈতিক সুযোগের সন্ধানে গ্রাম থেকে শহরে আসে। মৌলিক সামাজিক সেবার জন্য নয়। তিনি ঢাকার নগরায়ণকে ইতিবাচকভাবে নেওয়ার কথা বলেন। তবে নগরায়ণ শুধু ঢাকায় বেশি হচ্ছে। লোকসংখ্যার দিক থেকে ঢাকার পর দ্বিতীয় প্রধান শহর চট্টগ্রামের যে ব্যবধান—বিশ্বের কোনো দেশে এমন নজির নেই। বাংলাদেশে যে জনশক্তি আছে তাদের কাজে লাগিয়ে দেশটি উৎপাদন দ্বিগুণ-তিনগুণ বাড়াতে পারে।অনুষ্ঠানে সেন্টার ফর আরবান স্টাডিজের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ইউনিসেফের পিএমই প্রধান ডেকা ইব্রাহিম প্রমুখ বক্তৃতা করেন। এ ছাড়া বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও নগর বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন।