প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরে রূপনগর খাল-সংলগ্ন সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও দখলদারমুক্ত করে এটিকে কেন আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রুল দেন। চার সপ্তাহের মধ্যে ভূমিসচিব, পানিসচিবসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
রূপনগর খালকে দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে এই রিট আবেদনটি করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। শুনানিতে তিনি বলেন, রূপনগর খাল মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় পানিনিষ্কাশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এই খাল দখল করে বস্তি তৈরি করা হয়েছে।