রূপনগর খাল দূষণের দায়ে মোহাম্মদী ওয়াশিং প্রজেক্টকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপনগর খাল দূষণের দায়ে রাজধানীর মিরপুরের মোহাম্মদী ওয়াশিং প্রজেক্টকে ১২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ ছাড়পত্র ও বর্জ্য পরিশোধন যন্ত্র ছাড়াই ২০০৯ সাল থেকে ওই বস্ত্র ধোয়ার কারখানা পরিচালিত হয়ে আসছে বলে অভিযোগ রয়েছে।পরিবেশ অধিদপ্তর জানায়, গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ মিরপুরের রাইনখোলা এলাকায় রূপনগর খালে দূষণবিরোধী অভিযান চালায়। এ সময় দেখা যায়, বস্ত্র ধোয়ার কারখানার দূষিত বর্জ্য সরাসরি খালে ফেলা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী, কারখানার জন্য পরিবেশ ছাড়পত্র গ্রহণ করা বাধ্যতামূলক।দূষণের ঘটনা উদ্ঘাটন হওয়ায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানাটির নির্বাহী পরিচালক শেখ বুলবুল আহম্মেদকে তলব করেন। এ ছাড়া এক মাসের মধ্যে কারখানা স্থানান্তরের জন্য পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মোহাম্মদী ওয়াশিং প্রজেক্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক বুলবুল কারখানাটি স্থানান্তরের অঙ্গীকার করেন। এ নির্দেশ অমান্য করা হলে কারখানার গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এ ছাড়া কারখানার সব যন্ত্রপাতি জব্দ ও মামলা করা হতে পারে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।