রূপনগর খালের ভোলা বস্তি উচ্ছেদ
রূপনগর খালের জায়গায় শতাধিক বস্তিঘর উচ্ছেদ করেছে ঢাকা ওয়াসা। দুয়ারিপাড়া-পল্লবী এক্সটেনশন সড়ক এলাকায় খালপাড়ে ‘ভোলাবস্তি’ নামে পরিচিত এসব বস্তিঘর উচ্ছেদ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বস্তিঘর উচ্ছেদ অভিযান চালায় ওয়াসার অভিযানকারী দল। অভিযানে পুলিশ সাহায্য করে। গতকাল অভিযান শুরু হলে বস্তিবাসী, বিশেষ করে নারীরা কান্নায় ভেঙে পড়েন। শিশুরাও চিৎকার করতে থাকে। বস্তির বাসিন্দারা জানান, এখানে তাঁরা অনেক বছর ধরে বসবাস করছেন। তাঁদের কোনো সময় না দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। টিনশেড ঘর তৈরি করে ভাড়া থাকতেন পোশাককর্মীসহ স্বল্প আয়ের মানুষ। তাঁদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয়। ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বস্তিঘর হলেও এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলত বলেও অভিযোগ রয়েছে। তা ছাড়া, এসব স্থাপনা উচ্ছেদের ফলে খালের কিছু জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে। বস্তি উচ্ছেদে এলাকাবাসী উপকৃতই হয়েছে। গতকালের অভিযান পরিচালনায় ওয়াসার নির্বাহী ম্যাজিস্ট্রেট, নির্বাহী প্রকৌশলী শেখ মো. রুহুল আমিন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। ঢাকা ওয়াসা এ বছর রাজধানীর ১০টি খাল দখলমুক্ত করার পরিকল্পনা নিয়েছে। এর অংশ হিসেবে গত সেপ্টেম্বর থেকে কল্যাণপুর খালের (ঘ) দুই পাড়ে দুই দফায় ও রামচন্দ্রপুর খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।