রূপনগরে জবরদস্তি করে বাড়ি ভাঙার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক কর্মকর্তা তাঁর লোকজন দিয়ে জবরদস্তি করে একটি বাড়ি ভেঙে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই পরিবারটির সদস্যরা। এ জন্য তাঁরা উপযুক্ত ক্ষতিপূরণ দাবি করেন।
সম্প্রতি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে গৃহকর্তা জি এম শাজাহান বলেন, রূপনগর আবাসিক এলাকার ১/বি, ৩/৪ নম্বরে অবস্থিত তাঁর দোতলা বাড়িটি গত ১৪ জানুয়ারি ভেঙে দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এ বিষয়ে আগে তাঁকে কোনো নোটিশও দেওয়া হয়নি। গৃহায়ণ কর্তৃপক্ষ মিরপুর অঞ্চল-২-এর উপবিভাগীয় কর্মকর্তা জিয়াউর রহমান ও জরিপকারক জহির উপস্থিত থেকে বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙেন। এ সময় বাড়িতে থাকা প্রায় ৫০ লাখ টাকার মালামালও লুট করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে জি এম শাজাহান আরও বলেন, জিয়াউর রহমান গত বছরের ১৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের মিথ্যা মামলা করেন। অথচ জমিটি তাঁর কেনা। কয়েক বছর আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি বাড়িটি নির্মাণ করেন। এরপর নিয়মিত বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করেন।
সংবাদ সম্মেলনের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে গৃহায়ণ কর্তৃপক্ষ মিরপুর অঞ্চল-২-এর উপবিভাগীয় কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সরকারি সম্পত্তি দখলের অভিযোগে প্রথমে মামলা করে পরে শাজাহানের বাড়ি ভাঙা হয়। সেখানে বিসিএস একাডেমির জন্য জমি বরাদ্দ করা আছে। এ ক্ষেত্রে সব নিয়ম মেনেই এসব করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে জি এম শাজাহানের স্ত্রী জেসমিন ইসলাম ও ছেলে ফারদিন ইসলাম উপস্থিত ছিলেন।