রূপসী বাংলা হোটেল আবার ইন্টারকন্টিনেন্টাল হচ্ছে
রূপসী বাংলা (সাবেক ঢাকা শেরাটন) হোটেলের নাম আবার বদলে যাচ্ছে। ২০১৪ সাল থেকে হোটেলটি ‘ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’ নামে পরিচিত হবে।গতকাল রোববার রূপসী বাংলা হোটেলে এর পরিচালনাকারী সরকারি কর্তৃপক্ষ বাংলাদেশ সার্ভিস লিমিটেড (বিএসএল) ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের মধ্যে এ মর্মে চুক্তি স্বাক্ষর হয়েছে।ঢাকার এই পাঁচতারকা হোটেলটি অতীতেও একবার (স্বাধীনতার আগে থেকে) ইন্টারকন্টিনেন্টালের পরিচালনায় ছিল।বিএসএল কর্তৃপক্ষ জানায়, ইন্টারকন্টিনেন্টাল গ্রুপ ৩০ বছরের জন্য হোটেলটির পরিচালনার দায়িত্ব নিয়েছে। এর ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা হবে। ২০১৪ সাল থেকে হোটেলটি নতুন নামে পরিচিত হবে। ইন্টারকন্টিনেন্টাল গ্রুপ চাইলে পাঁচ বছর করে আরও ১০ বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে পারবে।অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, ‘বিদেশিদের কাছে হোটেলটি আরও আকর্ষণীয় করে উপস্থাপন করা আমাদের দায়িত্ব।’ বিএসএলের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর লুৎফর রহমান বলেন, নতুন ব্যবস্থাপনায় এ হোটেলকে এ দেশের আন্তর্জাতিক মানের হোটেলের মধ্যে শীর্ষে নিয়ে যাওয়া সম্ভব হবে।গ্রুপের এশিয়া প্যাসিফিক অঞ্চলের চিফ অপারেশন অফিসার ক্রিস্টোফার জেমস মলোনি আন্তর্জাতিক মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।নতুন ব্যবস্থাপনায় আনার জন্য ছয় মাস আগে এ হোটেলের নাম সাময়িকভাবে রূপসী বাংলা রাখা হয়েছিল।