রেলওয়ের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি
সারা দেশে প্রায় দুই কোটি লোক দৈনিক এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। ২০২৫ সাল নাগাদ ১০ কোটি মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করবে। এত বিপুলসংখ্যক মানুষের যাতায়াত সড়ক ব্যবস্থা দিয়ে নিশ্চিত করা যাবে না। রেলপথের উন্নয়ন ও সম্প্রসারণই মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পারেব। গতকাল বুধবার রাজধানীর কলাবাগানে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয়ে ‘ঘনবসতিপূর্ণ বাংলাদেশে রেলের অপরিহার্যতা: উন্নয়নের চ্যালেঞ্জসমূহ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। পরিবেশ বাঁচাও আন্দোলন ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। দ্রুত উন্নয়নের জন্য রেলওয়ের জন্য পৃথক মন্ত্রণালয় গঠনের দাবি জানান বক্তারা। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মনজুরুল আহসান খান বলেন, বাংলাদেশে রেলের তিনটি আধুনিক ওয়ার্কশপ (কারখানা) আছে। কিন্তু সেগুলো অকার্যকর। মনজুরুল আহসান খান বলেন, রেলগাড়িতে যাতায়াত বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়। আবার দরিদ্র মানুষ যাতায়াত করে ট্রেনে। তিনি নতুন রেললাইন স্থাপন, নতুন ইঞ্জিন ও বগি ক্রয় এবং দক্ষ জনবল সৃষ্টির দাবি জানান। সভাপতির বক্তব্যে প্রকৌশলী শেখ মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, রেলওয়েকে করপোরেট প্রতিষ্ঠান করা যাবে না। সরকারি ব্যবস্থাপনাতেই এর উন্নয়ন করতে হবে। এ জন্য আলাদা মন্ত্রণালয় করতে হবে।বৈঠকে আরও বক্তব্য দেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান, নগর পরিকল্পনাবিদ নিয়াজ রহমান প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা নাজমুল করিম। বিজ্ঞপ্তি।