রেলগেটে ডিজিটাল সিগন্যাল

ট্রেন আসছে। হঠাৎ তীক্ষ্ণভাবে বেজে উঠল সাইরেন। ছোট একটি বক্স। তার মধ্যে পর্দায় িতরচিহ্নিত লাল-হলুদ বাতি ভেসে উঠছে। নির্দেশ করছে ট্রেনটি কোন দিক থেকে আসছে। রাজধানীর রেলগেটগুলোতে এখন আর ব্রিটিশ আমলের সিগন্যাল নেই। চালু হয়েছে ডিজিটাল সিগন্যাল ব্যবস্থা।
গতকাল সোমবার তেজগাঁও রেলগেটে গিয়ে দেখা যায় ট্রেন আসার কয়েক মিনিট আগেই স্বয়ংক্রিয়ভাবে বাতি জ্বলছে এবং শব্দ হচ্ছে। গেটম্যানও যথাসময়ে গিয়ে গেট লাগিয়ে দিচ্ছেন। ট্রেন অতিক্রম করার পরই শব্দ বন্ধ হয় এবং বাতি নিভে যায়।
তেজগাঁও রেলগেটের গেটম্যান মো. ওয়াহিদুল্লাহ আট বছর ধরে এ গেটে কাজ করছেন। এত দিন পুরোনো আমলের সিগন্যালে কাজ করেছেন। প্রায় সাত মাস ধরে তিনি এখন ডিজিটাল সিগন্যাল পাচ্ছেন। ওয়াহিদুল্লাহ বলেন, ‘সারা দিনে প্রায় ১৮০ বারের মতো ট্রেন যাওয়া-আসা করে। এই সিস্টেম চালু হওয়ায় এখন মাস্টার যদি স্টেশনে না-ও থাকে আমরা বুঝতে পারি ট্রেন আসতেছে। আগেরটাতে মাস্টার ফোন করত তখন আমরা হাতে বেল বাজাইয়া গেট লাগাইতাম।’ তবে এখনো স্টেশনমাস্টার ফোন করেন।
ওয়াহিদুল্লাহ আরও বলেন, কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেন মগবাজার পর্যন্ত এলে তেজগাঁও গেটে সিগন্যাল শুরু হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেন অতিক্রম করলে হলুদ বাতি জ্বলবে। আর বাইরে থেকে ট্রেন ঢাকায় ঢুকলে লাল বাতি।
বাংলাদেশ রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশল বিভাগের এক কর্মকর্তা বললেন, দুই বছর ধরে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালু হয়েছে। প্রায় ৩০টির মতো রেলগেট আছে ঢাকায়। ঢাকার ব্যস্ত রেলগেটগুলোতে এ সিগন্যালপদ্ধতি চালু হয়েছে। স্বয়ংক্রিয় সিগন্যালের কাজ সম্পর্কে বলেন, রেলগেটগুলোর আগে নির্দিষ্ট দূরত্বে রেললাইনে ‘ট্র্যাক সার্কিট’ লাগানো হয়েছে। ট্রেন অতিক্রম করার সময়ে ওই সার্কিটে চাপ লাগলেই গেটগুলোতে সিগন্যাল শুরু হয়। এটাকে তাঁরা ‘অ্যাপ্রোচ ওয়ার্নিং’ বলছেন। তিনি আরও বলেন, হাতে বাজানো বেল প্রায়ই নষ্ট হয়ে যেত। ডিজিটাল সিগন্যালে সে সমস্যা হবে না।
কতটুকু দূরত্বে থাকতে সিগন্যাল দেওয়া শুরু হয় জানতে চাইলে বলেন, এটা নির্ভর করে কোন গেটে কেমন ট্রাফিক থাকে তার ওপর।
তেজগাঁওয়ের স্টেশনমাস্টার খাজা সুজন বলেন, নির্দিষ্ট দূরত্ব থাকতেই সিগন্যালে শব্দ হওয়ার কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব। রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করার যথেষ্ট সময় পাওয়া যায়।