রেললাইন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের ছিন্নভিন্ন লাশ উদ্ধার
রেললাইন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসানের ছিন্নভিন্ন দেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর এফডিসিসংলগ্ন রেললাইন থেকে গত সোমবার রাতে তাঁর লাশ উদ্ধার করে রেলওয়ে থানা-পুলিশ। মাহমুদুল হাসান দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি এক সপ্তাহ ধরে শিক্ষানবিশ প্রতিবেদক হিসেবে ইংরেজি দৈনিক নিউ এজ -এ কাজ করছিলেন। রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, সোমবার রাত সোয়া ১১টার দিকে এফডিসি এলাকায় ঢাকার বাইরে থেকে আসা একটি ট্রেনে কাটা পড়ে নিহত হন মাহমুদুল। অজ্ঞাত হিসেবে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে স্বজন ও সহকর্মীরা লাশ শনাক্ত করেন। কেন, কীভাবে এ ঘটনা ঘটল তা জানা যায়নি। তবে নিহতের পরিবারের অভিযোগ, তাঁকে হত্যা করা হয়েছে। মাহমুদুল হাসানের ভাই আরিফ জানান, কাল বৃহস্পতিবার তাঁদের বোনের বিয়ে হওয়ার কথা। এ উপলক্ষে গতকাল মঙ্গলবারই মাহমুদুলের খাগড়াছড়ির পানছড়ির পুজগাং গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। তিনি সূর্য সেন হলে থাকতেন।