রেললাইনের ওপর লেগুনাস্ট্যান্ড
রাজধানীর মহাখালী রেলগেটে রেলক্রসিং পার হওয়ার সময় গত শনিবার রাতে লেগুনাকে ধাক্কা দেয় ট্রেন। এতে লেগুনার চালক নিহত হন। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই গত রোববার দুপুরে দেখা যায়, মহাখালী ক্রসিংয়ে রেললাইনের ওপরেই লেগুনা থামিয়ে চলছে যাত্রী ওঠানো-নামানো।
সরেজমিন দেখা যায়, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর ১ ও মিরপুর ৬০ ফুট নতুন রাস্তা থেকে ছেড়ে আসা লেগুনা রেললাইনের ওপরে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। ক্রসিংয়ের দুই পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে যাত্রী তুলছে।
রেলক্রসিংয়ের পশ্চিম পাশে ছয়-সাতটি লেগুনা দাঁড় করিয়ে যাত্রী তোলার জন্য হাঁকডাক দিচ্ছিলেন চালকের সহকারীরা। এরই মধ্যে চারটি লেগুনা ইউ টার্ন নিতে প্রতিযোগিতা শুরু করায় ক্রসিংয়ের দুই পাশেই লেগে যায় গাড়ির জটলা।
মিরপুর ১ থেকে মহাখালী হিউম্যান হলার মালিক কল্যাণ সমিতির যুগ্ম সম্পাদক মো. বাদল বলেন, মিরপুর ১ নম্বর থেকে আসা লেগুনা রেললাইনে থামে না। বটতলার কাছ থেকে যাত্রী তোলে। রেললাইনে দাঁড়ায় গাবতলী ও মোহাম্মদপুর থেকে আসা লেগুনাগুলো।
কিন্তু এই অভিযোগ অস্বীকার করেন গাবতলী-মহাখালী হিউম্যান হলার মালিক কল্যাণ সমিতির কর্মকর্তা মো. বাদশা। তিনি বলেন, ‘আমাদের লেগুনাগুলো আমতলীর দিকে থাকে। আর রেললাইনের ওপর যাতে লেগুনা না থামতে পারে, সে জন্য দুজন লাইনম্যান আছে।’
মহাখালীর ব্যস্ত এই সড়কে রেললাইনের ওপর লেগুনাগুলো ইউ টার্ন নেওয়ায় এবং দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানোয় মাঝেমধ্যেই যাত্রীদের শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে পড়তে হয়। এর কারণ হিসেবে লেগুনাচালকদের বিশৃঙ্খলাকেই দায়ী করলেন উপস্থিত ট্রাফিক পুলিশের সদস্যসহ স্থানীয় ব্যক্তিরা।
মিরপুর ১ নম্বর থেকে নিয়মিত লেগুনায় মহাখালী আসেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি বলেন, মহাখালী আসামাত্রই লেগুনাগুলো ঘোরানোর জন্য প্রতিযোগিতায় নামে। অন্যদের চেয়ে এগিয়ে থাকতে রেললাইনের ওপরেই নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা মানা করলেও কাজ হয় না।
গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মহাখালীর এই লেভেল ক্রসিংয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা খায় একটি লেগুনা। এতে প্রাণ যায় ছোট যানটির চালকের। এর আগে গত ২৩ জুলাই গাজীপুরে ট্রেনের ধাক্কায় আট লেগুনা আরোহী নিহত হন। নারায়ণগঞ্জে গত ২২ জুন ট্রেনের ধাক্কায় রেললাইনে উঠে পড়া লেগুনার পাঁচ আরোহী নিহত হন। এর আগেও মহাখালী এলাকায় দুর্ঘটনা ঘটেছে।
রেললাইনের ওপরে অবৈধভাবে যাত্রী ওঠানামার ব্যাপারে জানতে চাইলে মহাখালী এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, লেগুনাগুলো যাতে রেললাইনে ঘুরতে না পারে, সে কারণে একজন সার্জেন্ট মোতায়েন করা থাকে। পুলিশ সব সময় সতর্ক থাকে। কিন্তু চাইলেই গণপরিবহনের স্ট্যান্ড পরিবর্তন করা যায় না।