যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ রেলওয়েতে নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের সঙ্গে জড়িত কাউকেই রক্ষা করা হবে না। তদন্ত কমিটির প্রতিবেদন ধরে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে।গতকাল রোববার ১৬টি ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ (ইঞ্জিন) কেনার চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। ভারতের রাইটস লিমিটেড কোম্পানির সঙ্গে এই ইঞ্জিন কেনার চুক্তি হয়। মন্ত্রী বলেন, লোকবলের সংকটে অনেক স্টেশন বন্ধ আছে। এতে রেলের দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটছে। এ সমস্যা সমাধানে নতুন করে এক হাজার ৬৫২ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।রেলে নিয়োগে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে গঠিত দুটি তদন্ত কমিটি সম্প্রতি প্রতিবেদন জমা দিয়েছে।রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, এখনই ভাড়া বাড়ানো হবে না। সেবা বাড়িয়ে ভাড়া বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে।ওবায়দুল কাদের বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪-৩০ জুন নিরাপত্তা সপ্তাহ পালন করা হবে।রেলের মহাপরিচালক আবু তাহের বলেন, রেলে বর্তমানে ২৯৬টি ইঞ্জিন আছে। এর মধ্যে ৪৩টি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে। মাত্র ২৪ শতাংশ ইঞ্জিনের বয়স ২০ বছরের নিচে।রেল ভবনে এই চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফজলে কবীর ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা চন্দ্রিমা রায়সহ বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা।চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন রেলওয়ের যুগ্ম মহাপরিচালক শামসুজ্জামান ও ভারতের রাইটস লিমিটেডের পরিচালক সুমিত সিনহা। রেলের কর্মকর্তারা জানান, চুক্তি অনুযায়ী সব ধরনের ভ্যাট-শুল্ক বাদে প্রতিটি ইঞ্জিনের মূল্য প্রায় ২৬ কোটি টাকা। চুক্তি সইয়ের ১৮ মাস পর থেকে ইঞ্জিন সরবরাহ শুরু হবে। ভারতের ১০০ কোটি মার্কিন ডলার ঋণ-সহায়তার আওতায় এই প্রকল্প নেওয়া হয়েছিল।