রেলের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখো মানুষের জন্য আজ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। টিকিট বিক্রি চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। আজ প্রথম দিন বিক্রি হবে ৫ সেপ্টেম্বর যাত্রার অগ্রিম টিকিট। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে সকাল নয়টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। শেষ হবে বিকেল চারটায়। ঈদ উপলক্ষে ১৬টি আন্তনগর ট্রেন চলবে। এ ছাড়া ৭ থেকে ১০ সেপ্টেম্বর ঢাকা-দেওয়ানগঞ্জ ও পার্বতীপুর-ঢাকা পথে দুটি বিশেষ ট্রেন চলবে। সবগুলো ট্রেনে দৈনিক প্রায় ১৩ হাজার যাত্রী ভ্রমণ করতে পারবে। নির্ধারিত দিনের ট্রেনের টিকিট নির্ধারিত সময়ের মধ্যে বিক্রি না হলে চলতি কাউন্টারে সেগুলো বিক্রি হবে। রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা সৈয়দ জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ ও টিকিট ক্রেতাদের নিরাপত্তার জন্য র‌্যাব, পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প থাকবে। রেলওয়ের কর্মকর্তারাও সার্বক্ষণিক টহল দেবেন প্রতি কাউন্টারে। এবার ১৭টি কাউন্টারে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।রেলওয়ের সূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর বিক্রি হবে ৬ সেপ্টেম্বরের টিকিট, ২ সেপ্টেম্বর বিক্রি হবে ৭ সেপ্টেম্বরের, ৩ সেপ্টেম্বর বিক্রি হবে ৮ সেপ্টেম্বরের ও সর্বশেষ ৪ সেপ্টেম্বর বিক্রি হবে ৯ সেপ্টেম্বরের টিকিট।এ ছাড়া আন্তনগর ট্রেনগুলোতে আসনবিহীন টিকিটও বিক্রি করা হবে। তবে ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসে তা করা হবে না। টিকিট বিক্রির সময় স্টেশনে সিসিটিভি ক্যামেরাসহ বাড়তি নিরাপত্তা থাকবে। আসন দখল ঠেকাতে এবারও ট্রেনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে বলে রেলওয়ে কর্মকর্তারা জানান।বাস: সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ঈদ উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রি শুরু করবে। মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, মিরপুর, ফুলবাড়িয়া, গাবতলী, মহাখালী থেকে বিআরটিসির বাসগুলো ছেড়ে যাবে। বিআরটিসি সূত্র জানিয়েছে, এবার ঢাকা থেকে বিভিন্ন জেলায় ২০০ বিআরটিসির বাস চলাচল করবে। এ ছাড়া সারা দেশে এক জেলা থেকে অন্য জেলায় চলবে প্রায় ৪০০ বাস। বিআরটিসির উপমহাব্যবস্থাপক মেজর কাজী সফিক উদ্দিন প্রথম আলোকে বলেন, বিআরটিসির বাসে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হবে। কেউ বাড়তি ভাড়া আদায় করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রতিটি ডিপোতে সার্বক্ষণিক তদারকি দল থাকবে। সরকার কিলোমিটার প্রতি ভাড়া নির্ধারণ করে দিয়েছে এক টাকা ২০ পয়সা। এদিকে বেসরকারি পরিবহন কোম্পানিগুলো ২৫ আগস্ট থেকেই অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। তবে গ্রাহকেরা কোনো টিকিট পাচ্ছেন না। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই টিকিট শেষ হয়ে গেছে বলে দাবি করছেন বিক্রেতারা। অভিযোগ রয়েছে, শেষ মুহূর্তে কালোবাজারে বিক্রির জন্যই টিকিট নেই বলে জানানো হচ্ছে।