কারওয়ান বাজার থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত প্রায় আড়াই হাজার ঝুপড়ি
রেলের জমি দখল, ঝুঁকি নিয়ে বসবাস
ঢাকায় রেললাইনের দুপাশের জমি দখল করে ঝুঁকি নিয়ে বাস করছে মানুষ। কখনো রেললাইন ঘেঁষে, কখনোবা লাইনের ওপরেই বসছে বাজার। রেল কর্তৃপক্ষ বলছে, নিয়মিত উচ্ছেদ করলেও আবার দখল হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা যায়, রেললাইনের দুপাশে ১০ ফুট জায়গা খালি রাখার নিয়ম আছে। কিন্তু ঢাকা রেলওয়ে থানার মহাখালী, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও ও কারওয়ান বাজার রেলগেট এলাকা ঘুরে দেখা যায়, রেললাইন ঘেঁষে গড়ে উঠেছে বস্তি-দোকান-বাজার। কারওয়ান বাজার থেকে তেজগাঁও রেলগেট পর্যন্ত প্রায় আড়াই হাজার ঝুপড়ি আছে। লেভেল ক্রসিংয়ের জায়গাটুকু বাদ দিয়ে বাকি অংশে ঘরগুলো রেললাইন থেকে বিপজ্জনক দূরত্বে আছে। কোথাও কোথাও রেললাইনের সঙ্গে ঘরের দরজার দূরত্ব দেড় হাতেরও কম।
ঝুপড়িগুলোর প্রতিটির ভাড়া দেড় হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত। ঘরগুলোর মালিকানায় আছেন ১০ জনের বেশি দখলদার, যাঁরা ‘বাড়িওয়ালা’ বলে পরিচিত। এই দখলদারদের একজন মাহমুদা খাতুন বলেন, ৩০ বছরের বেশি সময় ধরে রেললাইন এলাকায় তাঁর বাস। দুটি দোকান আর ১০টির ওপর ঘর আছে তাঁর, যেগুলো ভাড়া দিয়ে তিনি মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করেন। নিজেও রেললাইনের পাশেই থাকেন। এই জমির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যখন আইছি তখন এইহানে খালি আছিল। পরে ঘর তুইলা ভাড়া দিছি। সরকারের জমি জানি। কিন্তু গরিব মানুষ, কই যামু?’
তেজগাঁও ক্রসিংয়ের কাছে নাসরিন বেগমের ছোট দোকান। তিনি বলেন, তাঁর বাবা প্রায় ৩৫ বছর আগে আগের মালিকের কাছ থেকে এই জমিটুকু কিনে নেন। এখন এখানে দোকান আর একটি ঘর তুলে তাঁর পরিবার বাস করছে। জমির দলিল আছে কি না, প্রশ্ন করলে তিনি বলেন, দলিল নেই।
পশ্চিম নাখালপাড়া রেলগেটের দুপাশে সারা বছরই বাজার বসে বলে সেখানকার বাসিন্দারা জানান। সম্প্রতি সেখানে গিয়ে দেখা যায়, রেললাইনের পাশে আলু-পেঁয়াজ-শাক-সবজি সবই বিক্রি হচ্ছে। রেললাইনের ওপর মুরগির ঝাঁকা আর কবুতর নিয়ে বসেছেন বিক্রেতারা। ট্রেন কাছে এলে সরে যাচ্ছেন; পরে আবার গিয়ে বসছেন। মহাখালী রেলগেটের দুপাশও রিকশার গ্যারেজ, দোকান ও বাজারের দখলে।
৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশ টাঙ্গাইল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত রেললাইনে ২০১০ সালের জানুয়ারি থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত সাত বছরে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২ হাজার ৭ জন। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষ মারা গেছে রাজধানী ঢাকায়। রেললাইনের দুপাশের অবৈধ দখলকে রেল দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করে রেলওয়ে পুলিশ। রেললাইনের পাশে অবস্থানকারী এসব মানুষের মধ্যে দুর্ঘটনার প্রবণতাও খুব বেশি। মাহমুদার আট বছর বয়সী নাতি তিন বছর আগে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছে। রেললাইনের পাশে সবজি বিক্রেতার মেয়ে আলেয়ার (১৪)
এক হাত কাটা গেছে ট্রেনে। আলেয়াদের উল্টো দিকের ঘরের আরেক তরুণ মাসুদেরও ট্রেন দুর্ঘটনায় পড়ে এক পা কাটা গেছে। রেললাইন বস্তির প্রবীণ বাসিন্দা মো. কুদ্দুস বলেন, ‘এইখানে ঘরে ঘরে এমন পাইবেন। লাইনের পাশে থাকলে এমুন তো হইবই।’
রেলের জমি দখল করে রেললাইনের পাশে ঝুঁকিপূর্ণ অবস্থান নিয়ে জানতে চাইলে বাংলদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. হামিদুর রহমান প্রথম আলোকে বলেন, বেশ কয়েকটি উচ্ছেদ অভিযান হয়েছে। দোকানপাট সরানো হয়েছে। তবু আবার দখল হয়ে যায়। এই মাসেও উচ্ছেদ হবে। রেললাইনের পাশের বস্তি সম্পর্কে বলেন, আদালতের একটি নিষেধাজ্ঞা থাকায় বস্তিগুলো নিয়ে এখন কিছু করা যাচ্ছে না।