রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে রেলের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল বৃহস্পতিবার এক সমাবেশে এ দাবি জানানো হয়। অন্যথায় সারা দেশের রেলপথ অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়াসহ ভাড়া না দেওয়ার ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছেন নেতারা।রেলওয়ের অযৌক্তিক ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, রেলওয়ের আধুনিকায়ন, সেবার মানোন্নয়ন, সর্বত্র ডাবল লাইন চালু, রেলইঞ্জিন ও বগির সংখ্যা বৃদ্ধি ও রেলওয়ের দুর্নীতি বন্ধ করার দাবিতে সিপিবি ও বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করে। বক্তারা বলেন, রেল একটি সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু বর্তমানে সেবার পরিবর্তে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত করার চক্রান্ত চলছে। এর অংশ হিসেবে ইতিমধ্যে ১৬০টি স্টেশন, নয়টি শাখা লাইন বন্ধ, ৬৫টি মেইল ও লোকাল ট্রেন বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। এখন ৫০ শতাংশ ভাড়া বাড়ানোর কথা বলে বাস্তবে ১১৫ শতাংশ ভাড়া বৃদ্ধির চক্রান্ত চলছে। ফলে রেলওয়ে সাধারণ মানুষের যাতায়াত ব্যয় ও পণ্য পরিবহনের খরচ কয়েক গুণ বাড়বে। ১৯৭০ সালে রেলওয়ের মোট লোকবল ছিল ৫৫ হাজার ৮২৫ জন। বর্তমানে কমে তা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭২ জনে। রেলওয়ের চালকসংখ্যা পূর্বাঞ্চলে ৩৫৯ জনের মধ্যে বর্তমানে কর্মরত ১৪১ জন। পশ্চিমাঞ্চলে চালক ৭১ জনের স্থলে আছে ৩৩ জন। ইঞ্জিন ও কোচগুলোর প্রায় ৩০ শতাংশ অচল। লোকবল না বাড়িয়ে রেলওয়েকে আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন না করে ভাড়া বৃদ্ধির মাধ্যমে বেসরকারি খাতকে উৎসাহিত করা হচ্ছে।সমাবেশে নেতারা বলেন, ট্রেনে এক কিলোমিটার যাতায়াতে যাত্রী ভাড়া বাবদ খরচ ৩৮ পয়সা। আর বাসে ১ দশমিক ৩৫ টাকা। পণ্য পরিবহনে ট্রেনে টনে প্রতি কিলোমিটারে খরচ ১ দশমিক ৫৮ টাকা। ট্রাকে চার-পাঁচ টাকা খরচ। অথচ সাধারণ মানুষের পরিবহন রেলকে আরও সম্প্রসারিত না করে ভাড়া বৃদ্ধির মাধ্যমে রেলকে সংকোচন করার নীতি গ্রহণ করা হয়েছে।সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ ঢাকা মহানগর শাখার আহ্বায়ক কমরেড বজলুর রশীদ ফিরোজ। বক্তব্য দেন কমরেড সাজ্জাদ জহির চন্দন, কমরেড রাজেকুজ্জামান রতন, মাহবুব আলম, আবদুল কাদের প্রমুখ। সমাবেশ শেষে মিছিল প্রেসক্লাব, তোপখানা রোড, পল্টন হয়ে সচিবালয়ের পাশ দিয়ে রেলভবনের দিকে রওনা হলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে পুলিশের বাধার মধ্যেই সিপিবি-বাসদ নেতারা বিক্ষোভ সমাবেশ করেন। বিজ্ঞপ্তি।