রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি বাম মোর্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেবা বৃদ্ধি না করে রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। একই সঙ্গে সোনালী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের ঋণ জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বড় বিদ্যুৎকেন্দ্র স্থাপন না করে কুইক রেন্টালপদ্ধতি চালু এবং বিদ্যুতের দাম বৃদ্ধির বিরোধিতা করেন।বক্তারা বলেন, রেলের দুর্নীতি ও লুটপাটের লোকসান সরকার ভাড়া বৃদ্ধির মাধ্যমে জনগণের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। ফলে সবচেয়ে নিরাপদ ও স্বল্পমূল্যের গণপরিবহন হিসেবে রেলও জনগণের নাগালের বাইরে চলে যাবে। বক্তারা অবিলম্বে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদসহ লুটপাটের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি এবং লুট করা টাকা উদ্ধারের দাবি জানান।সমাবেশে সভাপতিত্ব করেন বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি। বক্তব্য দেন মোশরেফা মিশু, আবদুস সাত্তার, বহ্নিশিখা জামালী, নজরুল ইসলাম, মহিনউদ্দিন চৌধুরী, হামিদুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।